প্রকাশক টুটুল হত্যাচেষ্টায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদুর রশীদ টুটুল। ফাইল ছবি
আহমেদুর রশীদ টুটুল। ফাইল ছবি

প্রকাশক আহমেদুর রশীদ (টুটুল) হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে সংবাদমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শিহাব ওরফে সাইফুল ওরফে সুমন ওরফে সাকিব। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য।
আজ বেলা সাড়ে ১১টায় নিজেদের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানাবে ডিএমপি।
গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে টুটুলসহ তিনজনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা গুলিও করে। ওই হামলায় টুটুল ছাড়া আহত হন কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসু।
হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেন শুদ্ধস্বরের মালিক টুটুল। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।