প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত সোমবার প্রথম আলোর প্রথম পাতায় ‘সাঈদ খোকনের পক্ষে ভোট চাইলেন জগন্নাথের উপাচার্য’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পৃথক বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার এ প্রতিবাদ জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম আলোর ২৭ এপ্রিল সংখ্যার প্রথম পাতায় প্রকাশিত ‘সাঈদ খোকনের পক্ষে ভোট চাইলেন জগন্নাথের উপাচার্য’ শিরোনামে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, ‘শেখ হাসিনা তাঁকে ফোন করে সবার কাছে সাঈদের পক্ষে ভোট চাইতে বলেছেন’, যা অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত৷ প্রকৃত সত্য হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কোনো ফোনই করেননি৷ প্রধানমন্ত্রীর কার্যালয় এ অসত্য তথ্য প্রকাশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে৷
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত প্রতিবেদনে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে উপাচার্যকে সবার কাছে সাঈদ খোকনের পক্ষে ভোট চাইতে বলেছেন৷’ এই সংবাদটি মিথ্যা ও বানোয়াট৷ প্রধানমন্ত্রী ও উপাচার্যের মধ্যে সাঈদ খোকনকে ভোট দেওয়ার বিষয়ে কোনোরূপ কথা হয়নি এবং উপাচার্য সভায় এ ধরনের কোনো বক্তব্য দেননি৷