প্রকাশ্যে গৃহবধূর শ্লীলতাহানি করলেন পৌর কাউন্সিলর!
বরগুনার আমতলী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলোচিত কাউন্সিলর জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে এবার এক হিন্দু সম্প্রদায়ের গৃহবধূকে প্রকাশ্যে শ্লীলতাহানি ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় শহরের সদর রোডে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা ওই গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আলোচিত এই পৌর কাউন্সিলর গত মে মাসে তাঁর ওয়ার্ডের বাসিন্দা অনিল ঘরামি নামের এক ব্যক্তির বসতবাড়ি বেদখল করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। শ্লীলতাহানির শিকার ওই গৃহবধূ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাউন্সিলর ফেরদৌস তাঁকে কুপ্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় মেয়েকে কোচিং সেন্টারে পৌঁছে দিয়ে তিনি বাসায় ফিরছিলেন। সাউথ বেঙ্গল স্কুল মোড়ে পৌঁছালে ফেরদৌস তাঁর পথ রোধ করে শ্লীলতাহানি করেন। এ সময় ওই গৃহবধূ নিজেকে রক্ষা করার চেষ্টা করলে ফেরদৌস তাঁকে মারধর শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরদৌস ওই গৃহবধূকে জাপটে ধরে মারধর শুরু করেন। একপর্যায়ে তিনি ওই গৃহবধূর পরনের কাপড় ছিঁড়ে ফেলেন। ওই গৃহবধূর চিৎকার শুনে পথচারীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার পর থেকে কাউন্সিলর ফেরদৌস পলাতক রয়েছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা একরামুল কবির বলেন, শরীরে গুরুতর আঘাত নিয়ে ওই গৃহবধূ বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। কাউন্সিলর ফেরদৌসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলাকাবাসী অভিযোগ করেন, কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ভূমি দখল, মাদক ব্যবসাসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। এলাকার মানুষ তাঁর ভয়ে মুখ খোলার সাহস পায় না। এর আগে তাঁর এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বেশ কয়েকজন ব্যক্তি লাঞ্ছিত হয়েছেন। কয়েকজনকে তিনি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন।
পলাতক থাকায় পৌর কাউন্সিলর জান্নাতুল ফেরদৌসের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।