প্রকাশ্যে ঘুরলেও আসামি ধরছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এক স্কুলছাত্রীর শরীর দাহ্য পদার্থ ঢেলে দগ্ধ করার অভিযোগে হওয়া মামলার আসামিরা ওই ছাত্রী ও তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, প্রকাশ্য ঘুরে বেড়ালেও আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। অগ্নিদগ্ধ হওয়া ওই ছাত্রী এখনো যন্ত্রণায় কাতরাচ্ছে।
গত শনিবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে ওই ছাত্রীর পরিবার। এ সময় হামলার শিকার স্কুলছাত্রী অনিকা আক্তার (১৩) ও তার নানা মুক্তিযোদ্ধা হযরত আলী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, মামলার তদন্তকাজ সঠিকভাবে চলছে। পলাতক থাকায় আসামিদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, অনিকা পাকুন্দিয়ার বিশ্বনাথপুর গ্রামের রিকশাচালক ইউসুফ হোসেনের মেয়ে। সে বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করত একই এলাকার বখাটে রমজান মিয়া, মাসুদ মিয়া ও জুয়েল মিয়া। গত ৩০ জুলাই দুপুরে বাড়ি ফেরার পথে অনিকার গতি রোধ করে তারা। এ সময় রমজান ও মাসুদ তার দুই হাত চেপে ধরে রাখে এবং জুয়েল অনিকার গায়ে তরল দাহ্য পদার্থ ঢেলে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে তার বুক, পেট ও শরীরের নিম্নাংশ দগ্ধ হয়। অনিকাকে তার পরিবার প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা করায়। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও রমজান, মাসুদ ও জুয়েলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
অনিকার নানা হযরত আলী বলেন, গত ৩০ আগস্ট অনিকার মা কমলা আক্তার পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রমজান মিয়া, মাসুদ মিয়া ও জুয়েল মিয়ার বিরুদ্ধে মামলা করেন। পরে ৪ সেপ্টেম্বর পুলিশ অনিকাকে কিশোরগঞ্জ বিচারিক হাকিম আদালতে নিয়ে তাঁর জবানবন্দিও রেকর্ড করেছে। কিন্তু ওই তিন বখাটে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করা হচ্ছে না। উল্টো তারা স্কুলছাত্রীর পরিবারকে হত্যাসহ নানাভাবে হুমকি দিচ্ছে। এ কারণে পরিবারটি আতঙ্কে রয়েছে।