প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আসামি ধরছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সদর উপজেলার চর-সামাইয়্যা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আলী হোসেন মুন্সিকে হত্যাচেষ্টার মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তাদের গ্রেপ্তার করছে না পুলিশ। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

গতকাল দুপুরে চর-সামাইয়্যা গ্রামের নিজ বাড়িতে কমান্ডারের পক্ষে তাঁর ছেলে ওমর ফারুক মুন্সি এই সংবাদ সম্মেলন করেন। এতে তিনি লিখিত ও মৌখিক বক্তব্যে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ৫ আগস্ট রাতে তাঁর বাবা আলী হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় ৭ আগস্ট সদর থানায় আটজনকে আসামি করে মামলা করা হয়। কিন্তু আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ।

এজাহার ও স্বজনদের সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত সৈনিক ও মুক্তিযোদ্ধা আলী হোসেনকে (৭৩) সন্ত্রাসীরা পিটিয়ে-কুপিয়ে জখম করেছে। তিনি ভোলার বড় চর-সামাইয়্যা মৌজার দেড় একর জমি ২০০৪-০৫ অর্থবছরে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেন। এর মধ্যে ৪২ শতাংশ জমির মালিকানা দাবি করেন আবুল হাসিম মাতবর ও তাঁর লোকজন। তাঁরা ওই জমি জবরদখল করে বাড়ি ও মুরগির খামার করেন। এই নিয়ে উভয় পক্ষ একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা করেছে। এই প্রেক্ষাপটে আলী হোসেন ৫ আগস্ট রাত ১১টার দিকে তাঁর ছোট ছেলে মো. ইব্রাহীমের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে একই গ্রামের মো. রতন মাতবর, মো. অহিদ মাতবর, মো. কামাল মাতবর, মো. জসিম মাতবর, জসিম উদ্দিন জুলহাস, আবদুস সালাম, মো. সোহেল, মো. শিপনসহ কয়েকজন তাঁকে অপহরণ করেন। পরে একটি বাড়িতে আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বলা হয়। তিনি এতে সম্মত না হওয়ায় আলী হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁর মৃত্যু হয়েছে ভেবে সড়কের ওপর ফেলে রেখে যায়। একপর্যায়ে একজন রিকশাচালক তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

জসিম মাতবরের বাবা হাদীস মাতবর বলেন, তাঁরা ক্রয়সূত্রে ওই জমির মালিক। কিন্তু আলী হোসেন ক্ষমতার অপব্যবহার করে সরকারের কাছ থেকে ওই জমি বন্দোবস্ত নেন। এ নিয়ে মামলা চলছে। হেরে যাওয়ার ভয়ে হামলা, অপহরণ ও হত্যাচেষ্টার নতুন নাটক সাজিয়েছেন। তাঁর সন্তানেরা মিথ্যা অভিযোগ দিচ্ছেন।

সদর থানার ওসি মীর খায়রুল কবির বলেন, আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তার করতে পুলিশ প্রতিদিন অভিযান চালাচ্ছে।