
মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মাঠে নেই কোনো শৌচাগার, নেই নিরাপত্তারক্ষী। পাশের বাজারের লোক, পথচারী, খেলতে ও আড্ডা দিতে আসা লোকজন প্রয়োজনে মাঠের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব কোনায় প্রস্রাব করছেন। নষ্ট হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে দুর্গন্ধ। এ ছাড়া বিভিন্ন বয়সী লোকজন দিন ও রাতের বিভিন্ন সময়ে মাঠের ভেতরে বসে মাদক সেবন করেন বলেও অভিযোগ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে টাউন হল শহীদ পার্কে গিয়ে দেখা যায়, মাঠের উত্তর-পূর্ব পাশে দুটি সিমেন্টের ক্রিকেট উইকেট। সেখানে কিশোর-তরুণদের নেট অনুশীলন চলছে। মাঝখানে বেশ কিছু তরুণ টেপ টেনিস বল দিয়ে ক্রিকেট খেলছেন। মাঠের উত্তর, দক্ষিণ ও পশ্চিম পাশে লোকজন বসে আছেন। কেউ খেলা দেখছেন, কেউ বিশ্রাম নিচ্ছেন। মাঠের পূর্ব পাশে মসজিদের দেয়াল ঘেঁষে রাখা খোয়া ও ভাঙা কংক্রিটের স্তূপ। পূর্ব অংশে ছড়িয়ে আছে বড় বড় ঘাস, পলিথিন, প্লাস্টিক কাপ-গ্লাস, বোতল, ক্যান, ইটের টুকরো, খোয়া ও পাথরচূর্ণ। এই অংশে খেলা হয় না। আবর্জনা জড়ো করা। মাঠের ভেতরে ১২-১৪টা ছাগল চরে বেড়াচ্ছে। মাঠের দক্ষিণ-পশ্চিম, পশ্চিম ও উত্তর পাশে কিছু লোক গাঁজার আসর বসিয়েছেন। প্রকাশ্যেই চলছে প্রস্তুত ও সেবন পর্ব।
শহীদ পার্ক মাঠে বন্ধুদের সঙ্গে নিয়মিত খেলতে আসেন আছিবুর রহমান। তিনি বলেন, ‘মাঠের যে পাশে ঘাস আছে, সে পাশটা নোংরা। খেলা যায় না। পশ্চিম পাশে খেলার পরিবেশ থাকলেও খোয়া ও পাথরচূর্ণয় ভরা। ছোট-বড় গর্ত। বৃষ্টি হলে সেসব গর্তে পানি জমে, কাদা হয়।’
বর্তমানে মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে মোহাম্মদপুর শহীদ পার্ক ক্রীড়া চক্র। ক্লাবের সদস্যরাই মাঠ খোলেন, বন্ধ করেন। মাঠের ভেতরে গাঁজাসেবনের বিষয়ে জানতে চাইলে ক্রীড়া চক্রের সভাপতি শাহজাহান খান প্রথম আলোকে বলেন, ‘কাউকে তো আর মাঠে ঢুকতে নিষেধ করা যায় না। বাইরের কিছু ছেলে গাঁজাসেবন করে। স্থানীয় বাসিন্দারা নয়। মাঠের বিভিন্ন কোনায় কিংবা হাঁটতে হাঁটতে তারা গাঁজাসেবন করে। আমরা বুঝতে পারলেই প্রতিরোধ করি। মাঝেমধ্যে পুলিশও আসে।’
ক্রীড়া চক্রের সদস্য হাফিজুর রহমান জানান, মাঠ পরিষ্কার রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুজন পরিচ্ছন্নতাকর্মী নিয়মিত কাজ করেন। কোনো শৌচাগার নেই। স্থায়ী নিরাপত্তাকর্মীও নেই। তবে ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের তত্ত্বাবধানে বাসাবাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা দুই-তিন জন নৈশপ্রহরী রাতে মাঠ দেখাশোনা করেন। মাঠে মাটি ফেলা দরকার, গাছের শিকড় মাটির ওপরে বেরিয়ে এসেছে। মাঠের চারপাশে ১২টি এলইডি লাইট বসানো আছে। সন্ধ্যায় পর স্থানীয় চাকরিজীবী ও বড়রা ফুটবল ও ভলিবল খেলেন। মাঠের উত্তর ও দক্ষিণে দুটি ফটক। খোলা হয় ভোর ছয়টায়, বন্ধ করা হয় রাত সাড়ে দশটায়।
নিরাপত্তাকর্মী ও শৌচাগারের বিষয়ে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মাঠে কোনো আপত্তিকর ঘটনা ঘটেছে, এমনটা কখনো শুনিনি। ওখানে কোনো নিরাপত্তার প্রয়োজন নেই। মাঠের দেখাশোনা করে মার্কেট, মসজিদ ও মাঠ কমিটি। শৌচাগার লাগবে কি না সেটা তারা সিদ্ধান্ত নেব। তবু আমি একদিন মাঠটা দেখে আসব।’
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বললে তাঁরা জানান, মাঠে প্রতিদিনই খেলাধুলা হয়। সন্ধ্যার পর দৃশ্যটা পাল্টে যায়। মাদকসেবীদের আনাগোনা বাড়ে। চারপাশে গাঁজার ধোঁয়া আর গন্ধ ভেসে বেড়ায়। মাঠের ভেতরেই চলে গাঁজাসেবন। বেচাকেনাও হয়।’ গাঁজাসেবন ও বিক্রির বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দীন মীর প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ নিয়ন্ত্রণে আছে। খেলার মাঠ, খোলা জায়গা, অনেক লোকই আসে। আমরা বিভিন্ন সময় ওখানে অভিযান চালিয়েছি। তিন-চার দিন আগেও অভিযান চালানো হয়েছে। এরপরও আমরা খেয়াল রাখব, কাউকে পেলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’