প্রকাশ্যে চলে অবৈধ যান, নেই কোনো প্রতিকার

মালামাল বোঝাই করে শত শত অবৈধ যান নিয়মিতই অবাধে চলাচল করে মহাসড়কসহ গাইবান্ধার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। এসব যান তৈরি করাও দণ্ডনীয় অপরাধ। এরপরও কোনো ব্যবস্থা নেয় না পুলিশ। অভিযোগ রয়েছে, পুলিশের সঙ্গে যানবাহনমালিকদের অলিখিত চুক্তি রয়েছে।
স্থানীয়ভাবে তৈরি এসব যান ‘পাওয়ার টিলার’ নামে পরিচিত। চলে শ্যালো ইঞ্জিনে। ব্রেক নেই। চালকেরাও অদক্ষ। তাঁদের অনেকের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত ১৫ জুলাই সদর উপজেলার বালুয়া বাজারে পাওয়ার টিলারের ধাক্কায় নবীর উদ্দিন নামের এক বাদাম বিক্রেতা নিহত হন। প্রায় ছয় মাস আগে বাজারের অদূরে গোপালপুর এলাকায় নিহত হন মিন্টু নামের এক যুবক।
সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক, গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক, গাইবান্ধা-সাঘাটা সড়ক, গাইবান্ধা-সাদুল্যাপুর সড়ক, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা থেকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পর্যন্ত ৩২ কিলোমিটার অংশে এসব পাওয়ার টিলার বেশি চলাচল করছে। তবে জেলা শহরের ব্যস্ত সড়ক থেকে শুরু করে গ্রামাঞ্চলের সড়কগুলোতেও রয়েছে এগুলোর অবাধ চলাচল।
জেলায় এ ধরনের ঠিক কতগুলো যান রয়েছে, এ তথ্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয় কিংবা পুলিশের কাছে নেই। তবে চালক ও মোটরমালিক সংগঠনের একাধিক সূত্রে জানা গেছে, এ সংখ্যা সহস্রাধিক।
পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা গ্রামের স্কুলশিক্ষক আলম মিয়া প্রথম আলোকে বলেন, এসব যানে নেই কোনো হর্ন। এর সামনে দিয়ে অন্য যানবাহনে কিংবা হেঁটে গেলেও মৃত্যুর ঝুঁকি থাকে।
জেলা শহরের থানাপাড়ার আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, অবৈধ এসব যানবাহন জেলা শহরের ব্যস্ত সড়কেও চলছে। অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
গাইবান্ধা যুব নাগরিক ফোরামের আহ্বায়ক আনোয়ারুল কবির বলেন, পুলিশের সঙ্গে যানবাহনমালিকদের অলিখিত চুক্তি আছে। যে কারণে প্রকাশ্যে চলাচল করলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে পলাশবাড়ী উপজেলার এক চালক (১৭) বলে, ‘এগল্যা চালানো অবৈধ হলে কী হবে, হামরা গরিব মানুষ। পাওয়ার টিলার চলেয়া দিন ২০০ ট্যাকা পাই, তাই চলাই।’
সদর উপজেলার সাহাপাড়া গ্রামের পাওয়ার টিলার মালিক শাহজাহান মিয়া (৪৫) বলেন, ‘পুলিশের কতা কয়া এক দালাল হামারঘরে কাচে মাসে ৩০০ ট্যাকা নেয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, এগুলো জব্দ কিংবা চালকদের জরিমানা করলে রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে চাপ আসে। এ কারণে এ ধরনের অবৈধ যান চলাচল রোধ করা যাচ্ছে না।
বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক জিয়াউর রহমান বলেন, সরকার ভর্তুকি দিয়ে কৃষিকাজের জন্য শ্যালো ইঞ্জিন আমদানি করে। কিন্তু সেগুলো মালামাল পরিবহনে ব্যবহৃত হচ্ছে। এসব যানবাহন অবৈধ এবং তৈরি করা দণ্ডনীয় অপরাধ।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানি বলেন, ‘মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এসব অবৈধ যানবাহন চলাচল করার কথা শুনেছি। শিগগিরই এসব যান চলাচল বন্ধে অভিযান চালানো হবে।’ তিনি বলেন, তবে পুলিশের সঙ্গে কোনো পক্ষের অলিখিত চুক্তির অভিযোগ সঠিক নয়।