প্রকাশ্যে ফাঁকা গুলি চালিয়ে মহাসড়কে টাকা ছিনতাই
মহাসড়কে প্রকাশ্যে অস্ত্রের মুখে জিম্মি করে সিএনজি পাম্প স্টেশনের দুই কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে ৩ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা ছিনতাই করা হয়েছে। গতকাল রোববার পাবনার ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের নতুনহাট মোড়ের কাছে এ ঘটনা ঘটে।
পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) আবুল কাশেম বলেন, কুষ্টিয়ার বিআরবি কেব্লসের সহযোগী প্রতিষ্ঠান ‘এসআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড সিএনজি পাম্প স্টেশন পাকশী’র ইনচার্জ ফরহাদ হোসেন। তিনি পাম্পের নিরাপত্তাকর্মী হাবিবুর রহমানকে নিয়ে একটি মোটরসাইকেলে চড়ে স্থানীয় নতুনহাট জনতা ব্যাংক শাখায় টাকা জমা দিতে যাওয়ার সময় ছিনতাইয়ের কবলে পড়েন।
ফরহাদ হোসেন বলেন, তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে বসা নিরাপত্তাকর্মীর হাতে থাকা ব্যাগে ৩ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা ছিল। বেলা পৌনে তিনটার দিকে তাঁরা পাকশী নতুনহাট মোড়ে পৌঁছালে আগে থেকে তাঁদের অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল হঠাৎ সামনে চলে এসে গতিরোধ করে ফেলে। তখন ওই স্থানে আগে থেকে ওত পেতে থাকা আরও দুটি মোটরসাইকেলের চার আরোহী ফাঁকা গুলি ছুড়ে এগিয়ে আসে। তিনটি মোটরসাইকেলে থাকা ছয় যুবক তাঁদের মারধর করে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি ছুড়ে দাশুড়িয়ার দিকে চলে যায়। ছিনতাইকারীদের সবাই হেলমেট ও মুখোশ পরা ছিল।
নতুনহাট ও দিয়াড় বাঘইল মোড়ের প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ঘটনাস্থল থেকে মাত্র আধা কিলোমিটার দূরে মহাসড়কের বাঘইল ক্লাব মোড়ে পুলিশ সদস্যরা যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছিলেন। অথচ মহাসড়কে এভাবে গুলি ছুড়ে কীভাবে ছিনতাইকারীরা পালিয়ে গেল, তা বোধগম্য নয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কাউকে আটক করতে পারেনি। মহাসড়কে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।