প্রকাশ্যে মাদক বিক্রি চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও থানা এলাকার রেললাইন-সংলগ্ন বস্তিতে ডালায় সাজিয়ে প্রকাশ্যে মাদক বিক্রি চলছেই। বস্তিটির প্রায় প্রতিটি খুপরির সামনেই ডালায় গাঁজা সাজিয়ে চলে ক্রেতা আহ্বান। সঙ্গে লুকিয়ে বিক্রি করা হয় মদও।
এ বিষয়ে কথা বলার জন্য গত বুধবার সন্ধ্যা ছয়টার দিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, ‘মাদক নির্মূলের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স (ন্যূনতম ছাড় নেই)।’ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ফোন করে জানান, ওই বস্তিতে অভিযান চালিয়ে তাঁরা ১২০ কেজি গাঁজাসহ এক নারীকে ধরে এনেছেন। বাকিরা পালিয়ে গেছে।
গত বছরের ৭ ডিসেম্বর প্রথম আলো অনলাইনে ‘ডালা সাজিয়ে রমরমা মাদক ব্যবসা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়। সে সময় তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেছিলেন, ‘আমি এক্ষুনি পুলিশের একটি দল পাঠাচ্ছি’। এর এক বছর পর সেখানে গিয়ে একই চিত্র পাওয়া গেল। বুধবার সকাল আটটার দিকে এই প্রতিবেদক বিজিএমইএ ভবনের উত্তর দিক থেকে কারওয়ান বাজার-সংলগ্ন রেললাইন ধরে যাচ্ছিলেন। প্রথম দিকের কিছু খুপরিঘরের সামনে চলছে টাকার বিনিময়ে মাছ কেটে নেওয়ার ব্যস্ততা। এরপরই পাল্টে যায় দৃশ্য। রেললাইনের দুপাশেই খুপরির পর খুপরির সামনে চলছে গাঁজাভর্তি ডালা। সঙ্গে চলছে ক্রেতাকে ডাকাডাকি। ঘুম থেকে উঠে শিশুরাও বসে আছে পাশে।
একটি খুপরিঘরের সামনে ডালা সাজাচ্ছিলেন এক নারী। তিনি বললেন, ‘মামা, কয় পুরিয়া (গাঁজা) লাগবে।’ দামদর কী? প্রশ্ন করলে তিনি দর অনুযায়ী কয়েক ধরনের পুরিয়ার কথা বলেন। তাঁকে লাগবে না জানিয়ে এ প্রতিবেদক এগিয়ে যান। তখন আরও কয়েকজন নারী একই ধরনের প্রশ্ন করেন।
এর একপর্যায়ে এক পুরুষ বিক্রেতা জিজ্ঞেস করেন, ‘মামা, কয় বোতল লাগবে?’ লাগবে না জানালে তিনি কিছুটা খেপে যান। বলেন, ‘তাইলে এখানে কী করেন?’
নাম প্রকাশ না করার শর্তে কথা হয় এক নারীর সঙ্গে। তিনি বলেন, এখানকার সবাই দেশের নানা জায়গা থেকে আসা। শহরে এসে প্রথমে পোশাক কারখানাসহ নানা জায়গায় কাজের চেষ্টা করেন। কিন্তু পাশের খুপরিগুলোতে এর চেয়ে অনেক কম পরিশ্রমে অনেককে গাঁজাসহ মাদক বিক্রি করে বেশি টাকা উপার্জন করতে দেখেন। একপর্যায়ে নিজেরাও এ পেশায় জড়িয়ে যান। এভাবেই এখানকার প্রায় সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। থানা-পুলিশও তেমন কিছু করে না। মাঝেমধ্যে ধরে নিয়ে গেলেও আবার ছেড়ে দেয়। তেজগাঁও পূর্ব তেজতুরী বাজার এলাকার গোলাম রসুল বলেন, সারা দেশে এভাবে প্রকাশ্যে গাঁজা বিক্রির নজির বোধ হয় নেই। অথচ রাজধানীর বুকে এটা ঠেকাতে পারছে না পুলিশ।
তেজগাঁও থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, ‘ওই বস্তিতে বিভিন্ন সময় অভিযান চালানো হয়েছে। একেকজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিশ-ত্রিশটি করে মামলা আছে। তারপরও তারা জামিনে বেরিয়ে এসে মাদক ব্যবসা করে।’