প্রকাশ্যে শ্রমিককে কুপিয়ে হত্যা
বাসা থেকে বের হয়েও কাজে যোগ দেওয়া হলো না নির্মাণশ্রমিক আজিজুল হকের (৩৫)। পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পোড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, আজিজের কোনো শত্রু নেই। তাই কী কারণে কারা কেন তাঁকে হত্যা করেছে, তা নিয়ে এখনো অন্ধকারে রয়েছেন তাঁরা। তবে পুলিশ এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলছে।
নিহত আজিজের ভাগিনা মো. এমরান প্রথম আলোকে বলেন, মিস্ত্রীপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন আজিজ। সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় নির্মাণশ্রমিকের সহকারী হিসেবে কাজ করতেন তিনি। গতকাল সকালে আজিজ হেঁটে সদরঘাট পোড়া মসজিদ এলাকা দিয়ে মাঝিরঘাট যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে আজিজুল হকের মাথার পেছন দিকে ধারালো অস্ত্র দিয়ে কোপান। এরপর দ্রুত দুর্বৃত্তরা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদরঘাট থানার ওসি মাঈনুল ইসলাম ভুঁইয়া জানান, নিহতের স্ত্রী রেশমা আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিন যুবককে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। এটি পরিকল্পিত হত্যা মনে হয়েছে।