প্রকাশ্যে সিল, একটি কেন্দ্রের ভোট বন্ধ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) মানছুরা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোট গতকাল শনিবার বেলা ১১টার দিকে বন্ধ করে দেওয়া হয়।
এর কিছু আগে ব্যালটে প্রকাশ্যে সিল মারার অভিযোগে ওই কেন্দ্রের নৌকা প্রতীকের ছয়জন পোলিং এজেন্টকে আটক করা হয়। বিকেলে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী হাকিম মো. মোশারফ হোসেন।
এদিকে বামনী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ইকরাম হোসেনকে সকালে ভোটকেন্দ্রে আসার সময় কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জাল ভোট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি কেন্দ্র থেকে পাঁচজনকে আটক করে পুলিশ।
মানছুরা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মঞ্জুর হোসাইন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহজাহানের পোলিং এজেন্টরা জোর করে ব্যালট পেপার নিয়ে নৌকা প্রতীকে সিল মারছিলেন। নির্বাহী হাকিম এ সময় এজেন্ট মো. সেলিম, সিরাজ মিয়া, জাহাঙ্গীর আলম, মো. মাসুম, মানিক হোসেন ও বোরহানউদ্দিনকে আটক করেন। পরে তাঁদের জরিমানা করা হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল উপজেলার পাঁচটি ইউপিতে ভোট গ্রহণ করা হয়েছে। তবে পাঁচটি ইউপিতেই চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী ছিল না। চারটি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আর কেরোয়া ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. ইউনুছ মনোনয়নপত্র দাখিল করে ঢাকায় চলে যান। আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান কামাল ও তাঁর কর্মী-সমর্থকেরা ভোটের মাঠে সক্রিয় ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম জানান, ব্যালটে সিল মারায় মানছুরা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।