প্রকাশ্যে সিল মেরেছেন আ.লীগের নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল ভোট, প্রকাশ্যে সিল মারা, সংঘর্ষ ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে গতকাল জামালপুরের দুই উপজেলার ২৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনিয়মের অভিযোগে দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তিনটি ইউপিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
সরেজমিনে বেলা সাড়ে ১১টায় মেলান্দহ উপজেলার নাংলা ইউপির দেওলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, তিনটি বুথের সামনে ভোটারদের ছোট দুটি সারি। বাইরে পুলিশ। সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার নেওয়ার পর সেখানে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, কোনো অনিয়ম হচ্ছে না। রেজিয়া আক্তার নামের একজন নারী ভোটার বলেন, ‘আমারে চেয়ারম্যান পদের ব্যালট পেপার দেওয়া হয়নি। নৌকার লোকেরাই ওই ব্যালট পেপার নিয়ে ভোট দিতাছে।’
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, মেলান্দহের শ্যামপুর ইউপির উত্তর বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে বেলা সাড়ে ১১টায় দুই ইউপি সদস্য মোকছেদ আলী ও মর্জিনা বেগমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ওই কেন্দ্রে ভোট দিতে আসা রফিকুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তি সংঘর্ষের মাঝে পড়েন। পরে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। এরপর বাড়িতে গিয়ে মারা যান। এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত হয়ে ওই কেন্দ্র থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তাঁর বাড়ি ফিরে যান। পরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। সকাল সাড়ে আটটায় মেলান্দহের নয়ানগর ইউপির মামা-ভাগিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সকাল ১০টায় চর বানিপাকুরিয়া ইউপির রায়ের বাকাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। প্রকাশ্যে সিল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সকাল সাড়ে ১০টায় মেলান্দহের ফুলকোচা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনজুরুল আলম নির্বাচন বর্জনের ঘোষণা দেন। দুপুর ১২টার দিকে বিএনপির নাংলা ইউপির প্রার্থী নূরুল হক, মাহমুদপুর ইউপির নূরে আলম, আদ্রা ইউপির জাহাঙ্গীর আলম নির্বাচন বর্জন করেন। এ সময় নূরুল হক বলেন, আওয়ামী লীগের সমর্থকেরা তাঁর এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মেরেছেন।