প্রকাশ্যে হত্যার এক দিন পরও মামলা নেই, গ্রেপ্তার নেই
বগুড়া শহরের জনাকীর্ণ বাজারে ধাওয়া করে দিনদুপুরে প্রকাশ্যে স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার এক দিন পেরিয়ে গেলেও খুনিদের কেউ ধরা পড়েনি। লোমহর্ষক এ হত্যাকাণ্ডের ঘটনায় এমনকি পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
পুলিশ বলছে, কারা খুন করেছে, এ বিষয়ে তারা নিশ্চিত হতে পেরেছে। তবে পলাতক থাকায় আসামিদের ধরা যাচ্ছে না। এদিকে পরিবার মামলা দিতে বিলম্ব করার সুযোগে পুলিশ খুনিদের গ্রেপ্তারে গা-ছাড়া অভিযান চালাচ্ছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। এ ছাড়া শহরের রাজাবাজার এলাকায় আতঙ্ক কাটেনি। ঘটনার পর থেকে ওই এলাকার বন্ধ দোকানপাট আজ শুক্রবারও খোলেনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের রাজাবাজার এলাকার পদ্মা ম্যানশনের সামনে প্রকাশ্যে ধাওয়া করে শত শত মানুষের সামনেই শহরের ধরমপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী জিয়াউদ্দিন জিয়াকে (৪২) গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যা শেষে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে খুনিরা।
জিয়াউদ্দিন ধরমপুর বাজারের ‘মা জুয়েলার্স’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের অংশীদার।
রাস্তায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যাপুলিশ ও স্বজনদের ভাষ্য, বসতবাড়ির পাঁচ শতক জায়গা নিয়ে চাচাত ভাইয়ের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে জিয়াউদ্দিন ও তাঁর ভাইদের মধ্যে বিরোধ ছিল। বিরোধের জের ধরে কয়েক দিন আগে প্রতিপক্ষের রাকিবুল হাসান নামের একজন ছুরিকাহত হন। এ ঘটনায় রাকিবুল বাদী হয়ে জিয়াউদ্দিন, তাঁর ছেলে রোধন এবং দুই ভাই জাহিদুল ও সুলতানের বিরুদ্ধে মামলা করেন।
চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা করেন রাকিবুল পক্ষের আবদুল করিম। এ মামলায় গতকাল আদালত থেকে জামিন নিয়ে ফেরার পথে শহরের বড়গোলা এলাকায় দুর্বৃত্তরা জিয়াউদ্দিনকে ধাওয়া করে। একপর্যায়ে রাজাবাজার এলাকায় দৌড়ে গিয়ে রাস্তায় পড়ে গেলে তাঁকে গলা কেটে হত্যা করা হয়।
এদিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের পর ব্যবসায়ী জিয়াউদ্দিনের লাশ আজ বিকেলে ধরমপুর এলাকার বাড়িতে নেওয়া হয়। এ সময় সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্ত্রী শ্যামলী বেগম বিলাপ করতে করতে বার বার মূর্ছা যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে জানাজা শেষে এলাকায়ই লাশ দাফন করা হয়।
মামলা দিতে বিলম্ব হওয়ার কারণ জানাতে চাইলে জিয়াউদ্দিনের ভাতিজা জোবায়ের হোসেন বলেন, ‘লাশ দাফন নিয়ে পরিবারের সবাই ব্যস্ত ছিলেন। তা ছাড়া পরিবারের সবার মানসিক অবস্থাও খুব খারাপ। এ জন্য মামলা দিতে একটু দেরি হচ্ছে। তবে আজ রাতের মধ্যেই মামলা দায়ের করা হবে।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ ফায়েজুর রহমান আজ সন্ধ্যায় জানান, এ হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হয়েছে পুলিশ। এ জন্য ঘটনার পরপরই খুনিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। তবে সবাই পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি বলেন, হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা না হওয়ার কারণে গ্রেপ্তার অভিযান নিয়ে ঢিলেমির অভিযোগ সঠিক নয়।