প্রকাশ্যে হিযবুত তাহ্রীরের লিফলেট বিতরণ!
সরকার পতনের সংগ্রামে দেশবাসীকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে রাজশাহীতে প্রকাশ্যে আবারও লিফলেট বিতরণ করেছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীর। আজ শুক্রবার জুমার নামাজ শেষে নগরের বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদের সামনে মুসল্লিদের মাঝে তারা লিফলেট বিতরণ করে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানার সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, পুলিশ খবর পেয়েই সেখানে অভিযান চালায়। তবে পুলিশ পৌঁছার আগেই হিযবুত তাহ্রীরের সদস্যরা পালিয়ে যায়। তাদের খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, জুমার নাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন যুবক মসজিদ থেকে বের হয়ে মাথায় কমলা রঙের ফিতা বেঁধে নেন। এরপর মসজিদের তিনটি ফটকে দাঁড়িয়ে তাঁরা লিফলেট বিতরণ শুরু করেন। এ সময় তিনজন তিন ফটকে এসবের ভিডিও চিত্র ধারণ করেন। তাঁদের মধ্যে একজন লিফলেটটি উচ্চ স্বরে পড়ে শোনান। এ সময় তাঁরা মসজিদের পাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন। প্রায় ২০ মিনিট ধরে তাঁরা লিফলেট বিতরণ করে চলে যান।
এর আগে গত ১০ জুন জুমার নামাজের পর নগরের উপশহর কেন্দ্রীয় জামে মসজিদে একইভাবে লিফলেট বিতরণ করেন হিযবুত তাহ্রীরের সদস্যরা। এ সময় স্থানীয় আওয়ামী লীগের এক নেতা তাঁদের একজনকে ধরে ফেলেন। তবে অন্যরা তাঁকে ছিনিয়ে নিয়ে চলে যান।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘জননিরাপত্তার স্বার্থে’ দলটিকে নিষিদ্ধ করে।