প্রকৃত ও ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স দ্বিতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষা-২০১৫, ইংরেজি পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে প্রকৃত পরীক্ষার্থী এরশাদুল সরকার (২৪) ও ভুয়া পরীক্ষার্থী বিপ্লব পালের (২৪) বিরুদ্ধে গতকাল রোববার লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষ (বিশেষ) পরীক্ষা-২০১৫ কমিটির আহ্বায়ক রেজাউল করিম।

বিপ্লব পাল নওগাঁর আতাইকুলা গ্রামের বাসিন্দা ও রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। এরশাদুল কুড়িগ্রামের চন্দ্রখানা গ্রামের বাসিন্দা ও লালমনিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের (মানোন্নয়ন) ছাত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে গত শনিবার দুপুরে ওই পরীক্ষা হয়। এতে এরশাদুলের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন বিপ্লব পাল। এ সময় বিপ্লবকে দেখে কক্ষ পরিদর্শক নূর হোসেনের সন্দেহ হয়। পরে বিপ্লবকে নূর হোসেন জিজ্ঞাসাবাদ করে তাঁকে ভুয়া পরীক্ষার্থী হিসেবে চিহ্নিত করেন। এরপর তাঁকে কলেজের অধ্যক্ষ শামীম আরা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের উপস্থিতিতে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। আর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সদর থানা-পুলিশে সোপর্দ করা হয়। গতকাল সকালে লালমনিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান মিজানুর রহমান প্রকৃত পরীক্ষার্থী এরশাদুল সরকারের মুঠোফোনে যোগাযোগ করলে এরশাদুল বদলি পরীক্ষার্থীর বিষয়টি স্বীকার করেন।

সদর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল হক বলেন, মিজানুরের কাছ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে বিপ্লব পাল বলে স্বীকার করেন। বিপ্লবকে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে অন্যের পরীক্ষা দিতে এসে গত শনিবার সাব্বিউর রহমান (২৫) ও মশিউর রহমান (২১) নামের দুই ভুয়া পরীক্ষার্থী আটক হন। তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।