প্রকৃত মুক্তিযোদ্ধাকে অন্যায়ভাবে বাদ দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইকালে একজন প্রকৃত মুক্তিযোদ্ধাকে অন্যায়ভাবে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুণা ইউনিয়নের মাটিফাটা গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা খোশ মাহমুদ চৌধুরীর স্ত্রী হামিদা বানু এ অভিযোগ করেন।
গত শনিবার গণমাধ্যমকর্মীদের কাছে লিখিত অভিযোগে হামিদা বানু বলেন, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি শ্রীবরদীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইকালে তিনি (হামিদা) উপস্থিত হন। এ সময় তাঁর প্রয়াত স্বামী খোশ মাহমুদ চৌধুরীর পক্ষে চারজন মুক্তিযোদ্ধা ওই কমিটির কাছে তাঁদের মতামত দেন। তাঁদের অধিকাংশ তাঁর স্বামীর পক্ষে বক্তব্য দেন। কিন্তু মুক্তিযোদ্ধার খসড়া তালিকায় তাঁর স্বামী প্রয়াত খোশ মাহমুদ চৌধুরীর নাম ওঠানো হয়নি।
হামিদা বানু দাবি করেন, তাঁর স্বামী প্রকৃত মুক্তিযোদ্ধা এবং সরকারের প্রকাশিত গেজেটের ১২৭২ নম্বর ক্রমিকে তাঁর
স্বামীর নাম লিপিবদ্ধ আছে। তিনি (হামিদা) পুনরায় যাচাই-বাছাই করে তাঁর স্বামীর নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানান।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ স ম নুরুল ইসলাম গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত সাক্ষী মুক্তিযোদ্ধারা বলেছেন, যুদ্ধকালে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলায় প্রশিক্ষণরত অবস্থায় খোশ মাহমুদ চৌধুরীকে অজ্ঞাত কারণে কর্তৃপক্ষ গ্রেপ্তার করে নিয়ে যায়। ৯ মাস পর তাঁকে ভারত থেকে ছেড়ে দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা কমান্ডার আ স ম নুরুল ইসলাম আরও বলেন, ছাড়া মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা (কল্যাণ ট্রাস্ট) ও লাল মুক্তিবার্তায় তাঁর (খোশ মামুদ চৌধুরী) নাম নেই। সুতরাং প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়নি।