প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ আছে, যাচাই-বাছাই কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘুষ-দুর্নীতির মাধ্যমে গেজেটভুক্ত কয়েকজন প্রকৃত মুক্তিযোদ্ধার নাম বাদ দিয়ে অপ্রাপ্তবয়স্ক, ভুয়া ও স্বাধীনতাবিরোধী ব্যক্তিদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করছেন। এতে সংক্ষুব্ধ ওই মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
তালিকা থেকে বাদ পড়া ওই ব্যক্তিরা অভিযোগ করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম দেলওয়ার হোসেন প্রভাব খাটিয়ে যাচাই-বাছাই কমিটির সভাপতি হন। একইভাবে প্রভাব খাটিয়ে তাঁর আপন ছোট ভাই (অভিযুক্ত মুক্তিযোদ্ধা) এস এম শাহজাহানকে যাচাই-বাছাই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন। এরপর ঘুষ, দুর্নীতি ও নীতিমালাবহির্ভূতভাবে অপ্রাপ্তবয়স্কদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করেন। পাশাপাশি রাজনৈতিক মতবিরোধ আছে এমন ব্যক্তিদের উদ্দেশ্যমূলকভাবে তালিকা থেকে বাদ দেন।
মন্ত্রণালয়ে দেওয়া লিখিত অভিযোগে বাদ পড়া ১৭ জন ব্যক্তি ও তাঁদের প্রতিনিধিরা সই করেন। তাঁরা হলেন সামসুদ্দিন আহমেদ ছজু (গেজেট নম্বর-৪০২), মোতাহার উদ্দীন মৃধা (জামুকার তালিকাভুক্ত), মোহন খলিফা (গেজেট নম্বর-৫০৪), আবদুর রশিদ খান (গেজেট নম্বর-৪১৭), মৃত এ বি এম আসমত আলী আকন (জামুকার তালিকাভুক্ত), ধীরেন্দ্র নাথ বিশ্বাস (গেজেট নম্বর-৪৮৪), গাজী মাহবুবুর রহমান (গেজেট নম্বর-৪৮৭), তালুকদার মো. শাহজাহান, নূরুল ইসলাম (জামুকার তালিকাভুক্ত), জসিম উদ্দীন মো. তৌফিক এলাহী (গেজেট নম্বর-৪৯২), আবদুল মালেক আকন (গেজেট নম্বর-৪৮৯), গাজী মাহবুবুর রহমান (গেজেট নম্বর-৪৮৭), মো. নূরুল হক (গেজেট নম্বর-৪৭৭) জি এম মান্নান (গেজেট নম্বর-৩৫৫), মো. নূরুল ইসলাম (গেজেট নম্বর-৪৪৭), আলাউদ্দীন আল আজাদ (গেজেট নম্বর-৪৪৩) ও নূরুল ইসলাম (গেজেট নম্বর-৩১০)।
বাদ পড়া ব্যক্তিদের অভিযোগ, প্রকৃত মুক্তিযোদ্ধারা জি এম দেলওয়ার হোসেনের চাহিদামতো ঘুষ দিতে না পারায় এবং রাজনৈতিক প্রতিহিংসায় তাদেরও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মুঠোফোনে ঘুষ দাবির কথোপকথনও তাঁদের কাছে রয়েছে বলে দাবি করেন তাঁরা।
তাঁরা অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি হিসেবে জি এম দেলওয়ার হোসেন নিজে সভাপতি ও সদস্য হিসেবে আছেন। তাঁর ছোট ভাইকে দিয়ে সই করে যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চাপ প্রয়োগ করে এবং মোটা অঙ্কের ঘুষের টাকা ভাগাভাগি করে গোপন সমঝোতার মাধ্যমে গত ৮ থেকে ২০ মে পর্যন্ত যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে দেখান এবং ওই তারিখে চূড়ান্ত তালিকায় সই দেন। প্রকৃতপক্ষে এই উপজেলায় যাচাই-বাছাইয়ের দিনক্ষণ নির্ধারণ ছিল ৮ ও ১০ মে। কোনো প্রকার যাচাই-বাছাই না করে নিজেদের মনগড়া তালিকা চূড়ান্ত করেন। এ নিয়ে অস্বচ্ছতার কারণে জি এম দেলওয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ না করে নিজের কাছে রাখেন। পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হলে গত ২২ মে বিকেল পাঁচটায় সাঁটিয়ে দেওয়া হয়।
তালিকা থেকে বাদ পড়া ধীরেন্দ্রনাথ বিশ্বাস অভিযোগ করে বলেন, ‘তালিকায় নাম রাখার জন্য আমার কাছে জি এম দেলওয়ার দুই লাখ টাকা উৎকোচ দাবি করেন। কিন্তু আমি টাকা দিতে অস্বীকার করায় আমার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। উৎকোচ চাওয়ার বিষয়টি আমার মুঠোফোনে ধারণ করা আছে।’
বাদ পড়া ব্যক্তিদের অভিযোগ, জি এম দেলওয়ার হোসেন তাঁর ছোট ভাই এস এম শাহজাহান কবির মুক্তিযোদ্ধা তালিকায় অভিযুক্ত ব্যক্তি হওয়া সত্ত্বেও প্রভাব খাটিয়ে তাঁকে যাচাই-বাছাই কমিটির সদস্য করেন। এ নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ রয়েছে।
এসব অভিযোগ অস্বীকার করে দেলওয়ার গত মঙ্গলবার বিকেলে বলেন, ‘আমি কারও কাছে কোনো টাকা চাইনি। এগুলো মিথ্যা কথা। তাঁরা আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে, তা সম্পূর্ণ অসত্য। আর আমিও তাঁদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছি। এখন তদন্ত হোক।’
যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ও আমতলী ইউএনও মো. মুশফিকুর রহমান বলেন, ‘আমি যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ঠিকই। কিন্তু আমার বাড়ি এখানে না, আমি কীভাবে বুঝব কে মুক্তিযোদ্ধা কে অমুক্তিযোদ্ধা। কমিটির অন্য ছয়জন সদস্য আছেন। তাঁরা যাচাই-বাছাই করে যে তালিকা করেছেন, তাতে আমি সই করেছি।’