প্রকৌশলী পেটানো ছাত্রলীগের তিন নেতাকে স্থায়ী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রাতে সিন্ডিকেট সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। সিন্ডিকেট সদস্য মো. উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত তিন ছাত্রলীগ নেতা হলেন—বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফাইন্যান্স বিভাগের ছাত্র এস এম তৌহিদ আল হোসেন তুহিন, সহসভাপতি ও ফিশারিজ বিভাগের ছাত্র তন্ময়ানন্দ অভি এবং শহীদ হবিবুর রহমান হলের সভাপতি ও ফিশারিজ বিভাগের ছাত্র মামুন-অর-রশীদ।
২০১৪ সালের ২৮ আগস্ট উপাচার্যের দপ্তরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনিরকে ছাত্রলীগের ওই তিন নেতা মারধর করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তৌহিদকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। আর ঘটনার দুই দিন পর উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বিশেষ ক্ষমতাবলে জড়িত তিনজনকে সাময়িক বহিষ্কার করে ঘটনার তদন্তের নির্দেশ দেন। তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের স্থায়ী বহিষ্কারের সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। মঙ্গলবার শৃঙ্খলা বোর্ডের ওই সিদ্ধান্ত অনুমোদন করে সিন্ডিকেট।
যৌন হয়রানির প্রমাণ পায়নি তদন্ত কমিটি: বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের এক আবাসিক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীর করা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি। সিন্ডিকেটে তদন্ত কমিটির প্রতিবেদন আলোচনা শেষে অভিযোগকারী ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত বছরের ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে রোকেয়া হলের এক ছাত্রী ও ছাত্রলীগের কর্মী যৌন হয়রানির অভিযোগ এনে উপাচার্যের কাছে চিঠি দেন। এরপর ওই শিক্ষকের শাস্তির দাবিতে ক্যাম্পাসে টানা কয়েক দিন বিক্ষোভ ও মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
তবে এই অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে অভিযোগকারীর শাস্তি দাবি করে ২২ ডিসেম্বর রোকেয়া হলের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপাচার্যের কাছে পাল্টা চিঠি দেন। এরপর ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাকে প্রধান করে একটি কমিটি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকছে বড়কুঠি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৫৩ সালে যাত্রা শুরু করেছিল রাজশাহী নগরের ঐতিহ্যবাহী বড়কুঠি ভবনে। পরে মতিহারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থানান্তরের পর পদ্মাপাড়ে অবস্থিত বড়কুঠি ভবনটি বিশ্ববিদ্যালয় ক্লাব করা হয়। সম্প্রতি বড়কুঠি ভবনটি নিজেদের তত্ত্বাবধানে নিয়ে এটির উন্নয়ন করার প্রস্তাব দেয় সিটি করপোরেশন। এ প্রস্তাব নিয়েও সিন্ডিকেট সভায় আলোচনা হয়। ঐতিহ্যবাহী এ ভবন সিটি করপোরেশনের অধীনে দেওয়ার বিরোধিতা করেন সিন্ডিকেট সদস্যরা। ফলে বিশ্ববিদ্যালয়ের অধীনেই বড়কুঠি ভবন থাকছে।