প্রকৌশলীকে মারধর করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান
বাগেরহাটের শরণখোলা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী রুহুল ইসলামকে গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান ওরফে পারভেজ মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার শরণখোলা থানায় ওই আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে মামলা করেছেন প্রকৌশলী রুহুল ইসলাম। গতকাল দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, ভাইস চেয়ারম্যান তাঁকে প্রাণনাশেরও হুমকি দেন। শরণখোলায় কোনো বন্ধু বা আত্মীয়স্বজন না থাকায় তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
রুহুল ইসলাম বলেন, ‘২০১৪-১৫ অর্থবছরে দুই লাখ টাকায় শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি মাটির রাস্তায় ইট বিছানোর প্রকল্পের চেয়ারম্যান ছিলেন সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান। তিনি এক-চতুর্থাংশ কাজ শেষ করেই পুরো বিল তুলে নিতে আমাকে চাপ দিচ্ছিলেন। আমি কাজ না করে বিল ছাড় দিতে রাজি হইনি। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি দুই-তিনজনকে সঙ্গে নিয়ে আমার কার্যালয়ে আসেন এবং বিলটি ছেড়ে দিতে আমাকে আবারও চাপ দেন। আমি রাজি না হওয়ায় তিনি আকস্মিকভাবে আমাকে গালিগালাজসহ চড়-থাপ্পড় মারতে থাকেন।’ তিনি বলেন, ‘ভাইস চেয়ারম্যানের চিৎকার ও গালাগাল শুনে আমার কার্যালয় ও আশপাশের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা ছুটে এসে আমাকে রক্ষা করেন। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং স্থানীয় থানায় মামলা করেছি।’
তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান পারভেজ বলেন, ‘গত অর্থবছরে এডিবির অর্থায়নে শরণখোলার চারটি ইউনিয়নে প্রায় পৌনে এক কোটি টাকার কাজ হয়েছে। রুহুল ইসলাম কয়েকজন ঠিকাদারকে ওই কাজের বিল বাবদ বেশ কিছু টাকা দিয়েছেন। আবার ঘুষ না দেওয়ায় অনেক ঠিকাদারকে বিল ছাড় দিচ্ছেন না। ঠিকাদারদের কাছ থেকে অভিযোগ পেয়ে আমি এ বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। সেখানে আমাদের মধ্যে উচ্চস্বরে কথা-কাটাকাটি হয়েছে। মারামারির কোনো ঘটনা ঘটেনি।’
ঘুষ না পেয়ে বিল ছাড় দেওয়া হয়নি—এমন অভিযোগের বিষয়ে রুহুল ইসলাম বলেন, যেসব ঠিকাদার বিধি অনুযায়ী কাজ শেষ করেছেন, তাঁদের বিল ছেড়ে দেওয়া হয়েছে। যাঁরা এখনো কাজ শেষ করতে পারেননি, তাঁদের বিল আটকে আছে। তদন্ত হলেই ঘটনার সত্যতা জানা যাবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম বলেন, ঘটনা সম্পর্কে জানার পর শুক্রবার বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে।