ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা (এলজিইডি) উপসহকারী প্রকৌশলীর বদলে সার্ভেয়ারকে (জরিপকারী) দিয়ে কাজ তদারকি করাচ্ছেন। ফলে কাজের মান যথাযথ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
উপজেলা এলজিইডির দুজন কর্মকর্তা জানান, এ কার্যালয়ে একজন উপজেলা প্রকৌশলী, দুজন উপসহকারী প্রকৌশলী, একজন নকশাকার কাম উপসহকারী প্রকৌশলী ও একজন জরিপকারী আছেন।
নিয়ম অনুযায়ী, উপজেলায় এলজিইডির অধীন যেসব কাজ হয় উপজেলা প্রকৌশলী সার্বিকভাবে সেগুলোর দায়িত্বে থাকেন। তিনি ঠিক করে দেন উপসহকারী প্রকৌশলীরা কে কোন কাজ দেখবেন। দায়িত্ব অনুযায়ী উপসহকারী প্রকৌশলীরা সরাসরি সেসব কাজের সঙ্গে যুক্ত থাকবেন ও কাজ দেখাশোনা করবেন। নিয়ম অনুযায়ী, কাজ শেষ হলে তাঁরাই বিল করবেন। আর জরিপকারীর দায়িত্ব হলো কাজের আগে জরিপ করা। সেখানকার অবস্থা কেমন তা দেখা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, কালীগঞ্জ উপজেলা এলজিইডিতে চলছে উল্টোটা। জরিপকারী আজিজুর রহমান কাজের মান দেখছেন। আর উপসহকারী প্রকৌশলীরা অবসর সময় কাটাচ্ছেন। ওই কর্মকর্তা অভিযোগ করেন, ঠিকাদারদের সঙ্গে রফা করতে আজিজুরকে ব্যবহার করছেন ওই দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা প্রকৌশলী স্বাক্ষরিত এক কাগজে দেখা যায়, উপজেলায় এখন ২৩টি কাজ চলছে। এর মধ্যে আজিজুরই ১২টি কাজ দেখাশোনা করছেন। বাকি ১১টি কাজের মধ্যে উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম দেখছেন পাঁচটি, উপসহকারী প্রকৌশলী অভিজিৎ বিশ্বাস দেখছেন পাঁচটি ও নকশাকার আবদুর রহিম দেখছেন একটি কাজ।
কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, জরিপকারীকে দিয়ে তদারকি করানোয় উপসহকারী প্রকৌশলীরা কাজ করার আগ্রহ হারাচ্ছেন। এ কারণে সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভয়ে কেউ মুখ খুলছে না।
এদিকে যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোশারফ হোসেন গত মাসে বড়-বায়সা প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে গেলে ১৩টি ত্রুটি ধরা পড়ে; যেগুলো জরিপকারীর চোখে ধরা পড়েনি। এ ত্রুটি সংশোধনের জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী চিঠিও দেন। এ ছাড়া চলমান রাখালগাছি ইউনিয়ন থেকে একতারপুর সড়কের কাজের মান নিয়ে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, সেখানে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। রাস্তায় নয় ইঞ্চি পুরু করে বালু ফেলার কথা থাকলেও ছয় ইঞ্চি করে বালু ফেলা হয়েছে।
এ বিষয়ে জরিপকারী আজিজুর রহমানের সঙ্গে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি লাইন কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি আর ফোন ধরেননি।
এলজিইডির উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান জানান, কাজের সংখ্যা বেশি হলেও কাজগুলো ছোট ছোট। তাঁকে (জরিপকারী) দিয়ে ছোট ছোট কাজ করানো হয়। তা ছাড়া তিনি ভালো কাজ করায় তাঁকে দিয়ে কাজ করানো হয়।
এলজিইডির যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, সার্ভেয়ারকে দিয়ে এতগুলো কাজ তদারকি করানো ঠিক হয়নি। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। তিনি পরে এ প্রতিনিধিকে মুঠোফোনে জানান, ‘আসলে ছেলেটি ভালো কাজের, তাই তাকে দিয়ে বেশি কাজ করানো হয়।’