ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঁঞা) স্বতন্ত্র সাংসদ হাজি রহিম উল্যাহর বিরুদ্ধে একজন প্রকৌশলীসহ দুই কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বেলা ১১টায় সোনাগাজীর পালগিরি এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে একটি ‘স্কুল কাম সাইক্লোন সেন্টারের’ নির্মাণকাজ পরিদর্শনে যান সাংসদ। সেখানে এ ঘটনা ঘটে। এ সময় সাংসদের সঙ্গে থাকা লোকজনও দুই কর্মকর্তাকে মারধর করেন।
দুই কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার খবর পেয়ে গতকাল বিকেলে ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে ফেনীর সোনাগাজীতে প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে সাতটি ‘স্কুল কাম সাইক্লোন সেন্টার’-এর নির্মাণকাজ চলছে। পরিদর্শনে গিয়ে কাজেরœমান নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ। তাঁর তোলা অভিযোগের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন বিশ্বব্যাংকের পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রকৌশলী মো. মহসিন আলম ও প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক গোলাম রাব্বানি। একপর্যায়ে দুজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাংসদ এবং দুই কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। এ সময় সাংসদের সঙ্গে থাকা কয়েকজন যুবকও দুই কর্মকর্তাকে মারধর করেন। একপর্যায়ে পাঁচটি প্রকল্পের কাজ স্থগিত করার নির্দেশ দেন সাংসদ।
অবশ্য অভিযোগ অস্বীকার করে সাংসদ রহিম উল্যাহ প্রথম আলোকে বলেন, তিনি দুই কর্মকর্তার সঙ্গে খারাপ আচরণ করেননি। তাঁর সঙ্গে থাকা লোকজনের কেউ কেউ দুই কর্মকর্তাদের চড়-থাপ্পড় দিয়েছেন বলে তিনি স্বীকার করেন। তিনি বলেন, প্রকল্পের কাজের নিম্নমানের বিষয়টি প্রধানমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রীসহ বিশ্বব্যাংককে তিনি লিখিতভাবে জানাবেন।
প্রকল্পটি বাস্তবায়ন করছে এসএসইএ জয়েন্টভেঞ্চার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রকল্প সমন্বয়কারী রতন বণিক বলেন, গতকাল সকালে সাংসদ রহিম উল্যাহ উপজেলার শুলখালী, সরাজপুর, রঘুনাথপুর, পালগিরিসহ পাঁচটি এলাকায় এ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর কেন স্থাপন করা হয়নি, তা ওই দুই কর্মকর্তার কাছে জানতে চান তিনি। কাজের মান নিয়েও তিনি প্রশ্ন তোলেন। দুই কর্মকর্তা কাজের গুণগত মান ঠিক আছে বললে সাংসদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে দুজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সাংসদ। দুই কর্মকর্তা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মারধরের বিষয়টি ফেনী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রতন বণিক বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত পেলে থানায় অভিযোগ করা হবে।
সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ডালিম কুমার মজুমদার বলেন, দুই কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি তিনি শুনেছেন।