শৌচাগার নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আরিফ বিল্লাহ এবং ঠিকাদার আবদুল খালেকের বিরুদ্ধে গতকাল সোমবার দুপুরে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. জাকারিয়া বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় এই মামলা দায়ের করেন। এর আগে ১৩ এপ্রিল শহরের সাদুল্যাপুর সড়কে গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করেছিল দুদক।
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দুদক রংপুর অঞ্চলের কর্মকর্তারা ১৩ এপ্রিল তাঁদের আটক করে সদর থানায় সোপর্দ করেছিলেন। ওই দিন সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
এদিকে উপসহকারী প্রকৌশলী আরিফ বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আরিফ বিল্লাহকে ১৩ এপ্রিল সাময়িক বরখাস্ত করা হয়। সেই পত্র গতকাল গাইবান্ধা এসে পৌঁছেছে।
পুলিশ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, গত বছরের সেপ্টেম্বরে ৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার (ওয়াশ ব্লক) নির্মাণকাজ শুরু হয়। সাদুল্যাপুর উপজেলার ঠিকাদার আবদুল খালেক ওই নির্মাণকাজের দায়িত্ব পান। নীতিমালা অনুযায়ী বিভিন্ন ঢালাইয়ের কাজে ১০ থেকে ১২ মিলিমিটার লোহার রড ব্যবহার করতে হয়। কিন্তু ওই নির্মাণকাজের ঢালাইয়ের সময় রডের পরিবর্তে চিকন বাঁশ ব্যবহার করা হয়।
এই ঘটনার খবর ১১ এপ্রিল প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। রংপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আল আমিনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় সেদিন। কমিটির সদস্যরা সরেজমিনে বিদ্যালয়ের শৌচাগারের নির্মাণকাজ পরিদর্শন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।