প্রকৌশলী পেটানোর ঘটনায় ছাত্রলীগ সম্পাদককে অব্যাহতি
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে পেটানোর ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে এস এম তৌহিদ আল হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার উপাচার্যের দপ্তরের অপেক্ষমাণ কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী মারধর করেন। দাবি করা চাঁদা না দেওয়ার জেরে তৌহিদ এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় তৌহিদকে অব্যাহতি দেওয়া হলেও ঘটনার সঙ্গে জড়িত থাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি তন্ময়ানন্দ অভি ও কর্মী মামুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কেন্দ্রীয় ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে এস এম তৌহিদ আল হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম সম্পাদক খালিদ হাসানকে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে জানা যায়, খালিদ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাড়ি বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলা এলাকায়।