প্রকৌশলীকে জিম্মি করে চেকে সই, থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এ কে এম বাদশা মিয়াকে জিম্মি করে ৭৪ লাখ টাকার চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ঠিকাদার ও পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার ওই প্রকৌশলী দেওয়ান ছেকারসহ ২০ জনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা করেছেন।

দেওয়ান ছেকার আহমেদ গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জেলার দুজন সাংসদের ইন্ধনে এই মামলা করা হয়েছে। এ রকম কোনো ঘটনা ঘটেনি। মামলাটি আইনগতভাবে মোকাবিল করা হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দেওয়ান ছেকারের নেতৃত্বে ২০-২৫ জন বাদশা মিয়ার বাসভবনে গিয়ে জোরপূর্বক তাঁকে তাঁর কার্যালয়ে নিয়ে একটি কাজের বিল হিসাবে ৭৪ লাখ টাকার চেকে সই করে দিতে বলে। বাদশা মিয়া সই দিতে না চাইলে সন্ত্রাসীরা তাঁর ওপর চড়াও হয়। এ সময় জেলা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপক জুয়াদ আলী বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। পরে অস্ত্রের মুখে নির্বাহী প্রকৌশলীর সই নেওয়া হয়।

জেলা এলজিইডি সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরে বদলগাছী উপজেলার একটি রাস্তার সাড়ে ৩ কোটি টাকার কাজ পান ইথেন এন্টারপ্রাইজের ইকবাল শাহরিয়ার। তিনি চুক্তির মাধ্যমে মেসার্স মিলন ট্রেডার্সের মালিক দেওয়ান ছেকার আহমেদকে দিয়ে কাজটি করান।

এ কে এম বাদশা মিয়া বলেন, ইথেন এন্টারপ্রাইজের মালিক ইকবাল শাহরিয়ার বিল তোলার জন্য দেওয়ান ছেকার আহমেদকে পাওয়ার অব অ্যাটর্নি দেন। ইতিমধ্যে তিনি তিন কিস্তিতে কিছু বিল তুলেছেন। কিন্তু শেষ কিস্তি তোলার আগে পাওয়ার অব অ্যাটর্নি বাতিল করে তাঁকে বিষয়টি লিখিতভাবে জানান। এ কারণে বিলটি পাস করতে ছেকার আহেমেদের কাছে তিনি কিছু সময় চেয়েছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।