প্রকৌশলীকে পিটিয়েছেন ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ শেষ হওয়ার আগে বিল না দেওয়ায় রাজধানীর দোলাইরপাড়ে তেজগাঁও সার্কেল অফিসারের ভূমি কার্যালয়ের একজন উপসহকারী প্রকৌশলীকে পিটিয়েছেন ঠিকাদার। এ ঘটনায় করা মামলায় পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে ঠিকাদার গোলাম রব্বানীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গত বুধবার স্থানীয় ঠিকাদার গোলাম রব্বানী তাঁর দুই সহযোগীকে নিয়ে দোলাইরপাড়ের তেজগাঁও সার্কেল অফিসারের কার্যালয়ে গিয়ে বিল চান। এ সময় কর্তব্যরত উপসহকারী প্রকৌশলী সাগর হোসেন তাঁকে বলেন, কাজ শেষ হওয়ার পর বিল দেওয়া হবে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন গোলাম রব্বানী। একপর্যায়ে তিনি ও তাঁর সহযোগীরা উপসহকারী প্রকৌশলীকে মারধর করেন এবং কার্যালয়ে ভাঙচুর করেন। গত বুধবার রাতে এ ঘটনায় উপসহকারী প্রকৌশলী সাগর হোসেন মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মল্লিক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, রাতে দোলাইরপাড় এলাকা থেকে এজাহারভুক্ত আসামি গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়েছে।