প্রকৌশলীর ওপর হামলা
কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় জাইকা প্রকল্পের উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলামের ওপর এক কাউন্সিলরের ছেলে হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। পৌর কার্যালয়ে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা গেছে, পৌরসভার সচিব রফিকুল ইসলামের কার্যালয়ে গতকাল দুপুরে সাইফুল ইসলাম নামের এক ঠিকাদার বিলের পাওনা টাকা চাইতে আসেন। এ সময় ঠিকাদারি কাজ নিয়ে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেমের সঙ্গে সাইফুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন। এর কিছুক্ষণের মধ্যে ওই কাউন্সিলরের ছেলে হিরা (২৪) পৌর ভবনে আসেন। এ সময় উপসহকারী প্রকৌশলী রবিউলের কক্ষে হিরার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউলের ওপর হামলা করেন হিরা। রবিউলকে রক্তাক্ত অবস্থায় উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রবিউল থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে হিরার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। মেয়র তারিক আবুল আলা বলেন, ‘ঘটনাটি ভুল-বোঝাবুঝির জন্য হতে পারে।’