প্রকৌশলীর সই জাল, কারাদণ্ড
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রকৌশলীর স্বাক্ষর জাল করে ভবনের নকশা অনুমোদনের দায়ে মো. মজিবর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. মাসুম আহমেদ।
মজিবর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের বাসিন্দা। তিনি ডিপ্লোমা প্রকৌশলী।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউএনও মঙ্গলবার বিকেলে গোড়াই শিল্পাঞ্চলের হাটুভাঙা সড়ক এলাকায় নির্মাণাধীন একটি ভবন পরিদর্শনে যান। নিরাপত্তার ব্যবস্থা না নিয়ে নির্মাণকাজ শুরু করায় ভবনের মালিক গোড়াই এলাকার আমছের আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। আমছের আলীর ছেলে শামীম রেজা ভ্রাম্যমাণ আদালতকে ওই টাকা দেন। এ সময় তিনি (ইউএনও) ভবনটির নকশা দেখেন। নকশাতে উপজেলা প্রকৌশলী মো. শামসুল আলমের স্বাক্ষর ও সিল দেখে তাঁর সন্দেহ হয়। পরে তিনি নকশাটি যাচাই করতে তাঁর (ইউএনও) কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে শামসুল আলমকে ডেকে স্বাক্ষরের বিষয়টি জানতে চাইলে তা জাল বলে চিহ্নিত হয়। পরে শামীম রেজার দেওয়া তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ মজিবরকে আটক করে। তাঁকে রাত আটটার দিকে ভ্রাম্যমাণ আদালত ওই কারাদণ্ড দেন।