প্রক্টর ও প্রভোস্টকে আটকে রেখে হলে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের পাঠাগারে আবাসনব্যবস্থা করার প্রস্তাবের প্রতিবাদে গতকাল শুক্রবার প্রক্টর ও ওই হলের প্রভোস্টকে আটকে রেখে হলের প্রধান ফটকে ২০ মিনিট তালা দিয়ে রাখেন আবাসিক ছাত্রীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রী হলে আবাসনসংকট থাকায় চলতি বছর হলগুলোর বিভিন্ন কক্ষে থাকার ব্যবস্থা করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দুপুর সাড়ে ১২টার দিকে প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট ওই হলে গিয়ে হলের পাঠাগারে আবাসনব্যবস্থা করতে চাইলে প্রতিবাদ করেন ছাত্রীরা। প্রক্টর ও প্রভোস্টকে হলের ভেতর আটকে রেখে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা। দুপুর ১২টা ৫০ মিনিটে তালা খুলে দেওয়া হয়।
এ বিষয়ে প্রভোস্ট মহিউদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রক্টর অধ্যাপক হারুন-অর-রশিদ জানান, নতুন ছাত্রীদের আবাসনব্যবস্থার বিষয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করেন। আইনের তোয়াক্কা না করে হলে তালা দেওয়া ঠিক নয়। শিগগিরই তাঁদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে।