
ছাত্রলীগের কর্মী নিহত হওয়ার ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত হত্যা মামলা হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ছাত্রলীগের ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) পক্ষের দুই ডজন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য রোববার রাতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করে সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ। এ সময় পুলিশ বলছে, হত্যা মামলায় কারা আসামি হবে, সে সিদ্ধান্ত নেবে নিহত তাপস সরকারের পরিবার।
তবে রোববার রাতেই অস্ত্র আইনে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা হয়েছে। এঁদের মধ্যে গ্রেপ্তার হওয়া ২৫ জনকে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হত্যাকারীদের গ্রেপ্তার এবং উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে সিএফসি (চুজ ফ্রেন্ডস উয়িথ কেয়ার) ও ক্যাম্পাস ছাত্রলীগ-পক্ষের নেতা-কর্মীরা গতকাল দুপুরে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন। ক্ষুব্ধ নেতা-কর্মীরা এ সময় প্রশাসনিক ভবনের (উপাচার্য দপ্তর) দুটি জানালার কাচ ভাঙচুর করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গত রোববার নিহত হন তাপস সরকার। এ ঘটনায় আহত হন আরও পাঁচ কর্মী। তাঁরা সবাই সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ-পক্ষের নেতা-কর্মী।
পুলিশ সূত্র জানায়, সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী রোববার রাতে হাটহাজারী থানায় যান। তাঁরা তাপস সরকার খুনের ঘটনায় ভিএক্স-পক্ষের অন্তত ২৪ জন নেতা-কর্মীসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহর বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। প্রকৃত হত্যাকারী ছাড়া কোনো নিরীহ ছাত্রের বিরুদ্ধে মামলা নেবে না বলে পুলিশ সাফ জানিয়ে দেয়।
জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘ওরা একটি তালিকা নিয়ে এসেছিল। তাদের কথায় নিরীহ ব্যক্তিদের কেন আসামি করা হবে? হত্যাকারীদের শনাক্ত করতে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আত্মীয়রা এলে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে হত্যা মামলা হবে।’ তিনি বলেন, পুলিশ জিরো টলারেন্স নিয়ে কাজ করছে।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রক্টরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।
এদিকে শাহজালাল হলে অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় ভিএক্স-পক্ষের যে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন: ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ আনিস, উদ্ভিদবিদ্যার আশরাফুজ্জামান আশা, সমাজতত্ত্বের মো. রাশেদ হোছাইন ও রাবিদ রায়হান এবং ইংরেজির রুবেল দে। তাঁদের মধ্যে প্রথম দুজন ঘটনার পরই পালিয়ে যান। বাকি তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, আশরাফুজ্জামানের গুলিতে তাপস সরকার খুন হয়েছেন বলে তারা নিশ্চিত হয়েছে। তাঁকে হত্যা মামলার প্রধান আসামি করার ইঙ্গিত দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ।

উপাচার্য অবরুদ্ধ: সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগের ৪০-৪২ জন নেতা-কর্মী গতকাল বেলা পৌনে দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রশাসনিক ভবনে উপাচার্যকে তাঁর দপ্তরে অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁরা উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ ও প্রক্টর সিরাজ উদ দৌল্লাহর বিরুদ্ধে স্লোগান দেন। উত্তেজিত কর্মীরা ভবনে ইট-পাথর নিক্ষেপ করেন। এতে দুটি জানালার কাচ ভেঙে যায়।
অবরুদ্ধ অবস্থার মধ্যে সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ-পক্ষের নেতা শাহাদাত হোসেনের নেতৃত্বে চারজন উপাচার্যের সঙ্গে দেখা করেন। জ্যেষ্ঠ শিক্ষক ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দপ্তর থেকে বের হয়ে এসে শাহাদাত কর্মীদের জানান, সোমবারের মধ্যে হত্যা মামলা এবং মঙ্গলবারের মধ্যে প্রক্টরের পদত্যাগের বিষয়ে উপাচার্য আশ্বাস দিয়েছেন।
তবে উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ সাংবাদিকদের বলেন, মামলা ও পদত্যাগের বিষয়ে তিনি কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি বলেন, ‘প্রক্টর তো গুলি করেনি। প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে শান্তিশৃঙ্খলা রক্ষা করতে। অসম্মানভাবে একজন শিক্ষককে বিদায় করা যায় না। এ ছাড়া প্রক্টর হওয়ার দায়িত্ব কেউ নিতে চায় না। আরেক পক্ষ এই প্রক্টরকে চায়।’
উপাচার্যের কার্যালয় ঘেরাও করার আগে দুপুর ১২টায় সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। সংস্কৃতি বিভাগে নিহত তাপস সরকারের স্মরণে শোকসভা হয়। ক্যাম্পাসে গতকাল শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। বেশির ভাগ বিভাগে ক্লাস হয়নি।
তাপসের শেষকৃত্য সম্পন্ন: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নিধিপুর গ্রামে গতকাল বিকেলে তাপস সরকারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সকালে তাঁর লাশ বাড়িতে পৌঁছায়। ছেলের লাশ দেখে বাবা বাবুল সরকার, মা অঞ্জলি সরকার বারবার মূর্ছা যাচ্ছিলেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, তাপসকে শেষবারের মতো দেখতে এলাকার লোকজন ভিড় করে।
এর আগে ভোরে তাপসের লাশবাহী অ্যাম্বুলেন্স পুলিশি পাহারায় নেত্রকোনা শহরে পৌঁছায়। এ সময় লাশ দেখে বড় ভাই আশীষ সরকার ও মামা প্রাণেশ ভৌমিক কান্নায় ভেঙে পড়েন। মরদেহ কিছুক্ষণের জন্য শহরের সাতপাই এলাকার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাখা হয়। ওই এলাকায় তাঁর বড় ভাই ইলেকট্রনিকস দোকানের কর্মচারী আশীষ সরকার ও তাঁর মামা থাকেন। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান তাপসের ভাইসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পরে লাশবাহী অ্যাম্বুলেন্স তাপসের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জের উদ্দেশে নেত্রকোনা ছেড়ে যায়।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সুনামগঞ্জ অফিস ও কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি