কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত সোয়া ১১টার দিকে কুষ্টিয়া শহরের বাসায় তাঁকে এ হুমকি দেওয়া হয়। তবে এ ব্যাপারে তিনি গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থানায় কোনো জিডি বা লিখিত অভিযোগ দেননি।
জানতে চাইলে মাহবুবর রহমান বলেন, ‘কিছু লোক আসছিল। তারা আমাকে প্রক্টর পদ থেকে পদত্যাগ করে কুষ্টিয়া ছেড়ে চলে যেতে বলেছে। তাদের আমি চিনি না।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের কয়েকজন গুলিবিদ্ধ হয়। ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় ৮ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। সংঘর্ষের ঘটনা নিয়ে ছাত্রলীগের ক্যাম্পাস শাখার নেতারা উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবি করেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি আবদুল খালেক বলেন, গতকাল বিকেল পর্যন্ত প্রক্টরকে হুমকি ও প্রাণনাশের বিষয়ে থানায় কোনো জিডি হয়নি।