প্রক্টরসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেপ্তার হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এইচ এম তায়েহিদ জামানসহ তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এ আদেশ দেন।

সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে এ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুদক। বিকেলে তাঁদের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের জামিনের আবেদন নাকচ করে দিয়ে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এইচ এম তায়েহিদ জামান ছাড়া গ্রেপ্তার হওয়া অন্য দুই কর্মকর্তা হলেন সহকারী রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক (বেতন ও কল্যাণ) মুহাম্মদ মুফাজ্জল হোসাইন।

দুদক সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণনিয়োগপ্রাপ্ত কর্মচারীদের মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেকশন গ্রেড দেওয়া হয়। এ ঘটনায় ২০১২ সালে এক ব্যক্তি গাজীপুরের জয়দেবপুর থানায় ১০ জনকে আসামি করে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠান। মামলাটি তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক ফজলুল বারী।

মামলার অভিযোগে বলা হয়, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণনিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের সিলেকশন গ্রেড দিয়ে অভিযুক্ত ব্যক্তিরা ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেছেন বা সরকারের ক্ষতি করেছেন।

মামলার তদন্তের অংশ হিসেবে এই তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুদকের উপপরিচালক মোরশেদ আলমের নেতৃত্বাধীন একটি দল।