রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য পরিচয় দিয়ে এক শিক্ষার্থীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু সাঈদ শেখ। তিনি গতকাল বৃহস্পতিবার প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আবু সাঈদের ভাষ্যমতে, বুধবার রাত সাড়ে আটটার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাটক দেখে বান্ধবীর সঙ্গে কাজলা গেটের দিকে যাচ্ছিলেন। এ সময় জুবেরী ভবনের পাশে দুই ব্যক্তি তাঁদের পথরোধ করে। তারা নিজেদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য পরিচয় দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া এবং ছাত্রত্ব বাতিলের হুমকি দিয়ে তাঁর পরিচয়পত্র নিয়ে নেয়। এরপর ওই দুই ব্যক্তি তাঁদের কাজলায় নিয়ে তাঁর পরিচয়পত্র ফটোকপি করে মূলটা ফেরত দেন এবং তাঁর কাছে থাকা ২ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়।
আবু সাঈদ শেখের দাবি, ছিনতাইকারী দুজনের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী সাহাদুল ইসলাম। তিনি গতকাল সকালে সাহাদুলকে ক্যাম্পাসে দেখে চিনতে পেরে তাঁকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যান। তবে সাহাদুল ইসলামের দাবি, ঘটনার সময় তাঁর ডিউটি ছিল না। তিনি ছিনতাইয়ের কিছুই জানেন না।
বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান।