প্রক্টরের কার্যালয় ভাঙচুর করল ছাত্রলীগ
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতির পক্ষের এক কর্মীকে যুগ্ম সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আর এ ঘটনার জের ধরে আজ মঙ্গলবার সহসভাপতি পক্ষের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় ভাঙচুর করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কয়েক দিন আগে বাসের আসনে বসা নিয়ে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমানের সঙ্গে ছাত্রলীগের সহসভাপতি হাফিজুর রহমানের পক্ষের কর্মী জাহিদের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে জাহিদকে মারধর করেন শাহিনের অনুসারী নেতা-কর্মীরা। মারধরের প্রতিবাদে সহসভাপতি পক্ষের নেতা-কর্মীরা শাহিনের নেতা-কর্মীদের ক্যাম্পাসে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে প্রতিপক্ষ অবস্থান করছে। তখন ওই নেতা-কর্মীরা প্রক্টরের কার্যালয়ের সামনে গিয়ে দরজা ও জানালা ভাঙচুর করেন। ভাঙচুরের সময় শাহিনের অনুসারী নেতা-কর্মীরা প্রক্টরের কার্যালয়ের দরজায় তালা মেরে ভেতরে অবস্থান করছিলেন বলে অভিযোগ করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি অপ্রত্যাশিত। হাফিজের কিছু কর্মীর সঙ্গে আমার কিছু কর্মীর কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা শুনেছি।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি হাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও প্রক্টর মাহবুবর রহমান ফোন ধরেননি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, একটা ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পরে সমঝোতা করে দেওয়া হয়েছে।