প্রক্সিতে ধরা খেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল আজ মঙ্গলবার। এতে অন্যের হয়ে (প্রক্সি) পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দুজন।
প্রক্টরের কার্যালয় সূত্রে জানা যায়, আজ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল। তিনটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তৃতীয় শিফটের পরীক্ষায় ৩০৪ নম্বর কক্ষে প্রকৃত পরীক্ষার্থীর প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে অন্য একজন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালনকারী শিক্ষক জালিয়াতির বিষয়টি ধরে ফেলেন। পরে জালিয়াতির মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে আটক করে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া জালিয়াতি চক্রের আরও একজনকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. জাহিদুল কবীর প্রথম আলোকে বলেন, আটক দুজনের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবদুল জব্বার। অপরজন হলেন অমিত হাসান। আটক দুজনকে পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।