প্রগতিশীল ছাত্র জোটের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের সরকারি তোলারাম কলেজে গতকাল বুধবার ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ছাত্রজোটের তিন নেতা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে ছাত্রলীগের দাবি, তাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে ছাত্র জোটের নেতারা ওই ‘নাটক’ করছেন।
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহিদ সুজন অভিযোগ করে বলেন, গতকাল তাঁরা কয়েকজন কলেজে মাস্টার্সে ভর্তি হতে যান। এ সময় কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান ও ছাত্রলীগের কর্মী পিয়াসের নেতৃত্বে ১০-১৫ জন লাঠিসোঁটা, বাঁশ ও রড নিয়ে কলেজের মূল ফটকের বাইরে এসে তাঁদের ওপর হামলা চালান। এতে ছাত্র ফেডারেশনের জেলা শাখার সহসাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল বাপ্পী, গার্মেন্টস শ্রমিক সংহতির জেলা সম্পাদক মিনহাজুল হক আহত হন।
তবে অভিযোগের ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম বলেন, ‘ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করতেই প্রগতিশীল ছাত্র জোটের নেতারা পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছেন। আর বর্তমান সময়ে ভর্তির প্রক্রিয়া অনলাইনে হচ্ছে।’