প্রচারণায় অতিষ্ঠ রায়গঞ্জের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যের প্রচারে অহরহ মাইকের ব্যবহার চলছে। সেই সঙ্গে যোগ হয়েছে চিকিৎসক, ক্লিনিক, মাংস বিক্রি এমনকি ব্যবসার স্থান পরিবর্তনের খবর। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সারা দিন মাইকে এসব প্রচারণা চলায় অতিষ্ঠ স্থানীয় লোকজন।
উপজেলা সদরের ধানগড়া এলাকা, চান্দাইকোনা বাজার, সলঙ্গা থানা, নিমগাছি বাজারসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, বেশ কয়েক বছর ধরেই পণ্য, হাটবাজারের খবরসহ বিভিন্ন বিষয় মাইকে প্রচার করা হচ্ছে। সকাল সাতটা থেকে শুরু হয় মাইকিং। রাত পর্যন্ত তা চলে। এ ক্ষেত্রে এগিয়ে আছেন উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা। তাঁদের ক্লিনিকে যেসব চিকিৎসক সেবা দেন, তাঁদের জীবনবৃত্তান্ত মাইকে প্রচার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার তিনটি ক্লিনিকের মালিকেরা বলেন, ‘প্রচারেই প্রসার এ কথা মেনে আমরা ব্যবসায় নেমেছি।’ মাইকে প্রচার করায় ব্যবসা ভালো হয় বলে দাবি করেন তাঁরা।
উপজেলার ধানগড়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, জামাকাপড়, চিকিৎসক-হাসপাতালের পরে মাংস বিক্রির জন্যও মাইকিং করা হয়।
উপজেলা সদরের ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রেশমা খাতুন বলেন, প্রায় প্রতিদিনই ক্লাসের সময়ে মাইকের শব্দে মনোযোগই রাখা যায় না।
রায়গঞ্জ ইউএনও ইকবাল আখতার বলেন, খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।