প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর প্রচারণা ও জনসংযোগে জমে উঠছে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের উপনির্বাচন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে শক্তিশালী অবস্থানে আছে বলে দাবি দলটির। তবে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী নারী প্রার্থীও ভোটের মাঠ গোছাতে দৌড়ঝাঁপ করছেন। স্বতন্ত্র এই প্রার্থীর অভিযোগ, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তাঁর প্রচারণায় বাধা দিচ্ছেন এবং তাঁর সমর্থক ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। অবশ্য আওয়ামী লীগের প্রার্থীর ভাই এ অভিযোগ অস্বীকার করেছেন।
ময়মনসিংহ-১ আসনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের একজন হলেন আওয়ামী লীগ মনোনীত জুয়েল আরেং। তিনি ওই আসনের সাবেক সাংসদ ও সদ্যপ্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ছেলে। জুয়েল আরেংয়ের একমাত্র প্রতিদ্বন্দ্বী সেলিমা খাতুন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই আসনে জুয়েল আরেং ছাড়াও জাতীয় পার্টির (জাপা) সোহরাব উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন মনোনয়নপত্র জমা দেন। গত ২২ জুন জুয়েল আরেংয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও সোহরাব উদ্দিন ও সেলিমা খাতুনের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এতে জুয়েল আরেংয়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এ অবস্থায় সোহরাব উদ্দিন ও সেলিমা খাতুন নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের শুনানি শেষে সেলিমা খাতুন প্রার্থিতা ফিরে পান। এরপর থেকে সেলিমা খাতুন জনসংযোগে ব্যস্ত হয়ে পড়েন। ১৮ জুলাই এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, আপিল করে সেলিমা খাতুন প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আনন্দ অনুভব করছেন হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার মানুষ। এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন প্রমোদ মানকিন।
সেলিমা খাতুন ধোবাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। প্রতিদিন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দুই উপজেলায় গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। বিএনপির একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, দলীয়ভাবে বিএনপি সংসদ নির্বাচন বর্জনের সিদ্ধান্তে অনড় থাকায় দলের কোনো প্রার্থী নেই। বিএনপির নেতারা এ ক্ষেত্রে নীরব। তবে বিএনপির সমর্থক সাধারণ ভোটারদের অনেকেই সেলিমাকে ভোট দিতে পারেন। দুই উপজেলার সাধারণ ভোটারদের মধ্যে অনেকে ধারণা করছেন, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন সেলিমা।
আওয়ামী লীগ দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দলের প্রার্থী নির্বাচনে জয়ী হবেন, এটা ধরে নিলেও তাঁরা জনসংযোগে থেমে নেই। প্রতিদিন দুই উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন, পথসভায় অংশ নিচ্ছেন জুয়েল আরেং।
সেলিমা খাতুন বলেন, ‘প্রচারণা চালিয়ে যাচ্ছি। প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। ভোটাররা আমার প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। আমি আশাবাদী।’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তাঁর প্রচারণায় বাধা দিচ্ছেন এবং সমর্থক ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন।
জুয়েল আরেংয়ের মুঠোফোনে ফোন করা হলে তাঁর ভাই সৌরিন আরেং চেং ফোন ধরেন। তিনি বলেন, ‘সার্বিক দিক বিবেচনায় নির্বাচনে আমাদের অবস্থা অনেক শক্তিশালী। তবে নির্বাচনী কৌশল হিসেবে আমরা সেলিমা খাতুনকে ছোট করে দেখছি না। তাঁকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধরেই এগুচ্ছি।’ সেলিমা খাতুনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, প্রচারণায় বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগের কর্মীরা নিজেদের প্রার্থীর প্রচারণা নিয়েই ব্যস্ত।
গত ১১ মে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ওই আসনের সাংসদ প্রমোদ মানকিন মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়।