প্রচারণায় বিলবোর্ড দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভ রংবেরঙের ফেস্টুনে ঢেকে ফেলা হয়েছে। বগুড়া জেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে নেতাদের বড় বড় ছবিসহ টানানো এই ফেস্টুনের আড়ালে ঢাকা পড়েছে সাতমাথা স্কয়ারের মাঝখানের সাতজন বীরশ্রেষ্ঠের স্মৃতিফলক।
ছাত্রলীগের নেতাদের প্রচারণা থেকে বাদ যায়নি শহরের সাতমাথা এলাকার বাণিজ্যিক বিলবোর্ডও। জেলা সম্মেলনকে ঘিরে ছাত্রলীগের নেতারা শহরের বিলবোর্ড দখলের রীতিমতো প্রতিযোগিতায় নেমেছেন। ইতিমধ্যে তাঁরা শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অধিকাংশ বিলবোর্ড দখল করে নিজেদের বড় বড় ছবিসহ বিশাল ডিজিটাল ব্যানার টানিয়েছেন।
এর আগে চলতি বছরের ১০ জানুয়ারিতে জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রচারণা চালাতে গিয়ে ঠিক একইভাবে বীরশ্রেষ্ঠ স্কয়ারের স্মৃতিস্তম্ভ ও বিলবোর্ড দখল করেছিলেন আওয়ামী লীগের নেতারা।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজি জুয়েল বলেন, ‘দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে জেলা সম্মেলন হচ্ছে। সম্মেলনকে ঘিরে অন্যরকম সাজে সেজেছে বগুড়া। সম্মেলনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অন্যরকম সাজে সাজবে বগুড়া। জেলা ও উপজেলার নেতারা নিজ উদ্যোগেই প্রচারণার এসব খরচ বহন করছেন। সম্মেলনে প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতি হবে বলে আশা করা হচ্ছে।’
সরেজমিনে দেখা গেছে, শহরের সাতমাথাকে ঘিরে জিলা স্কুলের প্রাচীর ঘেঁষে, সপ্তপদী মার্কেটের ওপরে, পোস্ট অফিসের সামনে, সমবায় ব্যাংক ভবনের পাশে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিভিন্ন কোম্পানির ছোট-বড় অন্তত কুড়িটি বাণিজ্যিক বিলবোর্ড রয়েছে। এসব বিলবোর্ড রাতারাতি দখল করে নিয়েছেন জেলা ছাত্রলীগের নেতারা। বিলবোর্ড দখল করে সেখানে জেলা সম্মেলনের প্রচারণার জন্য টানানো হয়েছে বিশাল বিশাল ডিজিটাল ব্যানার। এসব ব্যানারে ‘জেলা ছাত্রলীগের সম্মেলন সফল হোক’ লেখা এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ও স্থানীয় নেতাদের ছবি রয়েছে।
বগুড়া জিলা স্কুলের প্রাচীরের পাশে স্থাপিত বাণিজ্যিক কোম্পানিগুলোর বিশাল বিশাল বিলবোর্ড দখল করেছেন বগুড়া জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জিসান আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শামিম ফেরদৌস, প্রচার সম্পাদক জিহাদ আল হাসান, সাংগঠনিক সম্পাদক নাইমুর রাজ্জাক ও সনৎ কুমার এবং নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম মোস্তফা।
ঠিক একইভাবে ওই সব নেতার ছবিসহ ফেস্টুনে ঢেকে ফেলা হয়েছে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভের চারপাশ।
নাইমুর রাজ্জাক বলেন, দীর্ঘদিন পর জেলা ছাত্রলীগের সম্মেলন হচ্ছে। সাতমাথা বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভ ঢেকে দিয়ে ফেস্টুন টানানো উচিত নয় জেনেও শুধু কয়েক দিনের জন্য এসব ফেস্টুন টানানো হয়েছে। সম্মেলনের পরদিনই নিজ দায়িত্বে এসব ফেস্টুন খুলে নেওয়া হবে।
জিহাদ আল হাসান বলেন, বিভিন্ন বাণিজ্যিক কোম্পানির কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নিয়েই এসব বিলবোর্ড টানানো হয়েছে। সম্মেলনের পর নিজ দায়িত্বে তা খুলে নেওয়া হবে। সনৎ কুমার সরকার বলেন, অনুমতি ছাড়া কোনো বিলবোর্ড টানানো হয়নি।
তবে নেপচুন, মুক্তি আর্ট, গ্রীনওয়ে, শতরূপা, সিটি আর্টসহ কয়েকটি বিজ্ঞাপনী সংস্থার ঢাকার ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া শহরে কোনো কোম্পানিই রাজনৈতিক প্রচারণার জন্য কোনো দলকে বিলবোর্ড ভাড়া দেয়নি এবং এ ব্যাপারে কেউ তাঁদের সঙ্গে যোগাযোগও করেননি।
বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, বগুড়া শহরের সাতমাথার বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভের চারপাশ সারা বছরই রাজনৈতিক দলের নেতাদের ফেস্টুনে ঢেকে থাকে। এসব ফেস্টুন অপসারণের জন্য জেলা প্রশাসনের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রায়ই পৌরসভা থেকে চিঠি দেওয়া হয়। কিন্তু আদালত পরিচালনা করতে এসে বিচারকেরা রাজনৈতিক দলের ফেস্টুনে হাত না দিয়ে শুধু বাণিজ্যিক কোম্পানির ফেস্টুন অপসারণ করেন। আর বিলবোর্ড বছর চুক্তি ভাড়া দেওয়া হয়ে থাকে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থাকে। বিজ্ঞাপনী সংস্থা ভাড়া দেন বিভিন্ন বাণিজ্যিক কোম্পানিকে। এভাবে সারা বছর রাজনৈতিক দলের নেতারা বিলবোর্ড দখল করে নিজেদের প্রচারণা চালাতে থাকলে ভবিষ্যতে এসব বিলবোর্ড ভাড়া নেওয়ার জন্য কোনো বিজ্ঞাপনী সংস্থা আগ্রহ দেখাবে না।
জেলা ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭ মে বগুড়ার শহীদ খোকন পার্কে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাংসদ আবদুল মান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ আবু সাঈদ আল মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সম্মেলনে অতিথি থাকবেন।