প্রচারপত্র বিলিতে বাধা ও মারধরের অভিযোগ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গতকাল বুধবার ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের এক নেতাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের লিফলেট (প্রচারপত্র) বিতরণে বাধা দেওয়া ও গালাগালি করার অভিযোগ উঠেছে।
জেলা ও উপজেলা ছাত্র ইউনিয়ন সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের মধ্যে ‘দেশপ্রেমে উদ্বুদ্ধমূলক’ বিভিন্ন লেখাসংবলিত এক হাজার লিফলেট নিয়ে দৌলতপুরের মতিলাল ডিগ্রি কলেজে যান জেলা ও উপজেলা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। এ সময় নেতাদের মধ্যে ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এম আর লিটন, সহসভাপতি আবদুল খালেক ও লাভলী মীর, সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। এসব নেতার সঙ্গে তাঁদের কর্মীরা ওই লিফলেট বিতরণের অনুমতির জন্য কলেজের অধ্যক্ষের কক্ষে যান। এর কিছুক্ষণ পর সেখানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা উপস্থিত হন। ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা অধ্যক্ষের কক্ষ থেকে বের হলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসানসহ ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী লিফলেট বিতরণে তাঁদের বাধা দেন ও বকাঝকা করেন। একপর্যায়ে ছাত্র ইউনিয়নের নেতা আনোয়ারকে মারধর করে ছাত্রলীগের এক কর্মী তাঁর কাছ থেকে সব লিফলেট ছিনিয়ে নেন।
এ ব্যাপারে এম আর লিটন বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের কয়েকজনের কাছে চাপাতি ছিল। মারধর করায় ও লিফলেট ছিনিয়ে নেওয়ার কারণে তাঁরা কর্মসূচি পালন করতে পারেননি। তবে মাহমুদুল হাসান ও জুয়েল রানা বলেন, ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের মারধর ও বকাঝকা করার অভিযোগ ঠিক নয়। সরকারবিরোধী লেখাসংবলিত লিফলেট বিতরণ করতে তাঁরা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের নিষেধ করেন।
কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, ‘ছাত্র ইউনিয়নের কয়েকজন ছেলেমেয়ে লিফলেট বিতরণের অনুমতির জন্য এসেছিলেন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের কী ঘটনা ঘটেছে, তা আমার জানা নেই।’