প্রচারপত্রে পুলিশের মুঠোফোন নম্বর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে হত্যা ও নাশকতা মামলার এক আসামি নিজের রঙিন ছবি এবং জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুঠোফোন নম্বর ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
ওই আসামির নাম অহিদুল ইসলাম ওরফে ছক্কু। তিনি নারায়ণগঞ্জ নগরীর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি এই ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। র্যাবের সদর দপ্তরের গোয়েন্দা শাখার এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ১৫ মামলার আসামি ডাকাত সর্দার দেলু ওরফে মাস্টার দেলু গত ৩০ অক্টোবর সিদ্ধিরগঞ্জের গোদনাইলে র্যাব-১১-এর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। দেলুর প্রধান আশ্রয়দাতা ছিলেন বিএনপির নেতা অহিদুল। নগরীর তল্লা, খানপুর, এসিআই পানির কল, হাজীগঞ্জ, পাঠানতলী এলাকার অপরাধজগৎ দেলুকে দিয়ে নিয়ন্ত্রণ করতেন অহিদুল ইসলাম। অহিদুলের বিরুদ্ধে ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি রাতে নগরীর খানপুরে ইব্রাহীম রনি (২৮) হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ ছাড়া ২০১৩ সালের ৯ ডিসেম্বর নগরীর গলাচিপা মোড়ে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ঘটনার মামলারও অভিযোগপত্রভুক্ত আসামি অহিদুল।
এলাকাবাসী সূত্র জানায়, অহিদুল নিজের রঙিন ছবি দিয়ে কার্ড ছেপে এলাকায় বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন। ওই কার্ডে জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে।
যোগাযোগ করলে অহিদুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক কারণে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এসব মামলায় আমি জামিনে আছি। সাধারণ মানুষ বিপদে পড়লে যাতে প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের জানাতে পারে, সে জন্য নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আমার প্রচারণা কার্ডে তাঁদের মুঠোফোন নম্বর দিয়েছি। আমি মাস্টার দেলুর কোনো আশ্রয়দাতা ছিলাম না।’
অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) ফারুক হোসেন বলেন, অহিদুল ইসলাম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। তাঁর বিরুদ্ধে হত্যাসহ পুলিশ হত্যাচেষ্টা ও নাশকতার মামলা রয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগে পুলিশ তাঁকে একাধিকবার গ্রেপ্তার করেছে। হত্যা মামলার আসামি প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুঠোফোন নম্বর তাঁর ছবির সঙ্গে ছেপে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করবেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।