প্রচারে বিলবোর্ড দখলের প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন খুলে ফেলতে বলেছে। কিন্তু এখনো সেগুলো সরানো হয়নি। ছবিটি গতকাল বিকেল সাড়ে পাঁচটায় শাহবাগ থেকে তোলা l প্রথম আলো
নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন খুলে ফেলতে বলেছে। কিন্তু এখনো সেগুলো সরানো হয়নি। ছবিটি গতকাল বিকেল সাড়ে পাঁচটায় শাহবাগ থেকে তোলা l প্রথম আলো

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা বিলবোর্ড দখলের প্রতিযোগিতায় নেমেছেন। নির্বাচনী আইনের খেলাপ করে তাঁদের প্রচার উপকরণে রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিলবোর্ড ও দেয়াল ছেয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিলবোর্ড ব্যবসায়ীর অভিযোগ, ক্ষমতাসীন দলের অধিকাংশ আগ্রহী প্রার্থীই বিলবোর্ড দখল করে প্রচার চালাচ্ছেন। এ জন্য ভাড়া দিচ্ছেন না তাঁরা।
এ বিষয়ে ওই ব্যবসায়ীরা কোথাও অভিযোগ করেছেন কি না, জানতে চাইলে তাঁরা বলেন, ‘দুই দিন পর এরাই মেয়র-কাউন্সিলর হবেন, আমাদের তো ব্যবসা করে খেতে হবে।’
এ অবস্থায় ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকেন্দ্রিক বিলবোর্ড, পোস্টারসহ যেসব অবৈধ প্রচার উপকরণ রয়েছে, তা আজ শুক্রবার রাত ১২টার মধ্যে অপসারণ করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ব্যবস্থা নিতে গতকাল ইসি সচিবালয় ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছে।
জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ইসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রচার উপকরণ সরানো সম্ভব না হলে নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়বে। কারণ, তখন প্রার্থীরা ইসিকে দুর্বল ভাববে। তখন ইসির পক্ষে তাঁদের নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
গত বুধবার এই তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৮ এপ্রিল ভোট গ্রহণ হবে। বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে ৯ এপ্রিল।
সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, প্রার্থিতা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত প্রচারণা চালানো যাবে। এর আগে ও পরে প্রচারণা চালানো যাবে না। এ ধরনের অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে।
কিন্তু গতকাল বৃহস্পতিবার রাজধানীর পলাশী, বাংলামোটর, শাহবাগ, সেগুনবাগিচা, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় বিলবোর্ড ও পোস্টারে প্রচারণা চালাতে দেখা গেছে। এঁদের প্রায় সবাই সরকারি দলের সমর্থনে নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। কারও চেয়ে কারোর প্রচারণা কম নয়।
বিলবোর্ড মালিক সমিতির একজন নেতা প্রথম আলোকে বলেন, তাঁরা বিলবোর্ডগুলো ঢাকা সিটি করপোরেশন থেকে টাকার বিনিময়ে নির্ধারিত সময়ের জন্য ভাড়া নিয়েছেন। কিন্তু ঢাকার দুই সিটির নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা তাঁদের বিলবোর্ড দখল করে নিজেদের প্রচারণা শুরু করেছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, ঢাকা দক্ষিণে সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন, স্বতন্ত্র সাংসদ ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ। তাঁরা বিলবোর্ড দখল করে প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া উত্তরে ব্যবসায়ী নেতা আনিসুল হকও এমন প্রচারণা চালাচ্ছেন।
জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘আমার বেশির ভাগ বিলবোর্ড সরানো হয়ে গেছে। সম্ভবত চার-পাঁচটি বিলবোর্ড সরানো বাকি আছে। সেগুলো নির্ধারিত সময়ের আগেই নামানো হবে।’ তিনি আরও বলেন, বিলবোর্ডের মালিকদের টাকা দিয়েই প্রচার উপকরণ সাঁটানো হয়েছে। কোনো বকেয়া রাখা হয়নি।
তবে সাঈদ খোকনের দাবি, তাঁর পক্ষে সমর্থকেরা বেশির ভাগ প্রচার উপকরণ সাঁটিয়েছেন। ভাড়া পরিশোধ করেই বিলবোর্ড লাগানো হয়েছে।
ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ ও উত্তরের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম বলেন, দুই সিটির যেসব জায়গায় অবৈধ প্রচার উপকরণ রয়েছে, তার স্থির ও ভিডিওচিত্র ধারণের জন্য নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সম্ভাব্য প্রার্থীরা প্রচার উপকরণ না সরালে ইসি পুলিশের সহায়তায় তা অপসারণ করবে।