প্রচুর বিস্ফোরকসহ সাতজন গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরেও গত দুই দিন জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে গত দুই দিনে প্রচুর বিস্ফোরকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ীর জঙ্গি আস্তানাটি শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে নাটোরে একটি বাড়ি দীর্ঘ সময় ঘিরে রেখে অভিযান চালায় বগুড়া ও নাটোর জেলা পুলিশ। তবে সেই বাড়িতে কিছু পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে গত দুই দিন জেলার বিভিন্ন জায়গায় চালানো জঙ্গিবিরোধী অভিযানের তথ্য তুলে ধরেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম। তিনি বলেন, গত বুধবার রাত সোয়া ১০টার দিকে নাচোল উপজেলার গুঠইল গ্রামের হারুন অর রশিদ (২৫) ও কামাল উদ্দীন ওরফে সরকারকে (৩২) গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজন ছিট কাপড়ের ব্যবসায়ী। হারুনের বাড়ি থেকে সাড়ে চার কেজি গানপাউডার উদ্ধার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে বেড়াচকি গ্রামের নাসিম রেজা ওরফে শাহিনকে (২০) গ্রেপ্তার করা হয়। নাসিম গ্রামের একটি মসজিদের ইমাম। এরপর শ্রীরামপুর গ্রামের মো. ফিরোজকে (২২) গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্র এবং কিছুদিন আগে জেএমবির সঙ্গে যুক্ত হয়েছেন। নাসিম ও ফিরোজের কাছ থেকে ২২টি জিহাদি বই উদ্ধার করা হয়।
ওই রাতেই শিবগঞ্জ উপজেলার শিবনগর কাইঠাপাড়া গ্রামের মো. এসলামের ছেলে মো. বাবু (২২), রাঘবপুর গ্রামের আজিজুল হককে (৩৮) গ্রেপ্তার করা হয়। এসলামের বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা একটি ড্রাম থেকে ১২৫ এমএলের ৪২০টি টিউবে সাড়ে ৫২ কেজি ‘এক্সপ্লোসিভ পাওয়ার জেল’ উদ্ধার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুরের জঙ্গি আস্তানাটির সন্ধান পাওয়া যায়। এদিকে গত বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার দেবীনগর ফাটাপাড়া গ্রামের আব্দুল হাকিমকে (২০) গ্রেপ্তার করা হলেও তাঁর ভাই জঙ্গি দলের গ্রেনেড সরবরাহকারী খাইরুলকে আটক করা সম্ভব হয়নি।
নাচোল থানার ওসি ফাছির উদ্দিন বলেন, সাতজনসহ ১১ জনকে আসামি করে এসআই আবদুল বারিক গতকাল মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিদের চাঁপাইনবাবগঞ্জ আমলি আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত আগামী মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠান।
নাটোর প্রতিনিধি জানান, জঙ্গি আস্তানা সন্দেহে বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত নাটোর পুলিশ লাইন-সংলগ্ন ‘নাসরিন গার্ডেন’ নামের তিনতলা একটি বাড়ি পুলিশ ঘিরে রাখে। ১২ ঘণ্টা পর বাড়িটি জঙ্গিমুক্ত ঘোষণা করে পুলিশ। নাটোর ও বগুড়া পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানে কোনো জঙ্গি ধরা পড়েনি এবং অস্ত্র-বিস্ফোরক পাওয়া যায়নি। তবে বাড়ির নিচতলার একটি বাসা থেকে কিসমত আলী নামের এক তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।