প্রজনন মৌসুমে অবাধে কাঁকড়া নিধন
পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলের বিভিন্ন এলাকায় প্রজনন সময়ে অবাধে ডিমওয়ালা কাঁকড়া নিধন করা হচ্ছে। সরকারিভাবে কোনো ধরনের আইনি পদক্ষেপ না থাকায় এক শ্রেণির জেলে অবাধে এসব কাঁকড়া নিধন করছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কাঁকড়ার প্রজনন সময়। এ সময় শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বনাঞ্চলের লোনা পানিতে স্ত্রী কাঁকড়া ডিম ছাড়ে। তবে সবচেয়ে বেশি ডিম ছাড়ে মাঘ মাসের প্রথম অমাবস্যায়। ওই দুই মাসে সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, চীনসহ বিভিন্ন দেশে নানা ধরনের উৎসব হয়। এসব উৎসবে ডিমওয়ালা কাঁকড়ার চাহিদা বেশি। সে কারণে আন্তর্জাতিক বাজারে এ সময় ডিমওয়ালা কাঁকড়ার চাহিদা ও দাম থাকে বেশি। তাই বেশি লাভের আশায় ম্যানগ্রোভ বনাঞ্চলসহ বঙ্গোপসাগরের তীরঘেঁষা কুয়াকাটা, গঙ্গামতি, কাউয়ার চর, খালগোড়া, ঢোস, জালালপুর, তালতলীর ফাতরার চর, সওদাগর পাড়া, নিউপাড়া, রাঙ্গাবালীর মৌডুবি, কোরালিয়া, নিচ কাটা, বড় বাইশদিয়া, ছোট বাইশদিয়া, জাহাজ মারার চরে এক শ্রেণির জেলে অবাধে ডিমওয়ালা কাঁকড়া নিধন করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশে এখন পর্যন্ত ১৫ প্রজাতির কাঁকড়া পাওয়া গেছে। এর মধ্যে চার প্রজাতির কাঁকড়া স্বাদু পানিতে এবং ১১ প্রজাতির কাঁকড়া লবণাক্ত বা আধা লবণাক্ত পানিতে পাওয়া যায়। সাইলা সিরাটা নামে কাঁকড়ার বাণিজ্যিক চাহিদা সবচেয়ে বেশি। এগুলো ম্যানগ্রোভ বনাঞ্চলে পাওয়া যায়। স্থানীয় ব্যক্তিরা একে শিল কাঁকড়া বলে থাকে। শিল কাঁকড়া এবং এর বাইরে অলিভিসিয়া, প্যারামসিন, ট্রাংকুবুরকিয়া—এ চার প্রজাতির কাঁকড়া উপকূলের জেলেরা প্রতিদিন শিকার করছেন।
এদিকে কাঁকড়ার প্রজনন সময়ে জেলেরা সাগর-নদীতে কারেন্ট, বেহুন্দিসহ ছোট ফাঁসের জালে মাছ শিকারের সময় জালে কাঁকড়ার ডিমও উঠছে। এতে প্রতিদিন নষ্ট হচ্ছে হাজার হাজার ডিম। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবসহ নানা কারণেও কাঁকড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কাঁকড়ার আড়তদার গোলাম মোস্তফা পাহলান ও দেলোয়ার হোসেন বলেন, ‘এখন ডিমওয়ালা কাঁকড়া বেশি ধরা পড়ছে। ঢাকার আড়তে এসব কাঁকড়ার চাহিদা বেশি। শুনেছি আন্তর্জাতিক বাজারে কাঁকড়ার দাম বেড়ে গেছে। প্রতিদিন বিভিন্ন এলাকার অন্তত ৫০টি কাঁকড়ার আড়ত থেকে ১০০ মণ কাঁকড়া ঢাকায় চালান করা হয়।’
খেপুপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক বলেন, ‘প্রতিটি পূর্ণ বয়সের স্ত্রী কাঁকড়া ১৫ লাখ থেকে ২০ লাখ ডিম ছাড়ে। অভয়াশ্রম না থাকায় ও জলবায়ু পরিবর্তনে জীববৈচিত্র্য বিপন্ন হওয়ায় মাত্র ১০ শতাংশ ডিম পূর্ণাঙ্গ গ্রেডে পরিণত হয়। কাঁকড়ার ডিম পূর্ণতা পেতে দু-তিন মাস সময় লাগে। এ খাত টিকিয়ে রাখতে হলে প্রজনন সময়ে কাঁকড়া ধরা বন্ধ করতে হবে।’ কলাপাড়ার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে কাঁকড়া ধরা সম্পর্কে নিষেধাজ্ঞা নেই। প্রজনন সময় দেশে কাঁকড়া আহরণ বা বাজারজাত বন্ধ করা উচিত।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক ও কাঁকড়া বিশেষজ্ঞ খন্দকার আনিসুল হক বলেন, প্রজনন ও পরবর্তী সময়ে কাঁকড়া শিকার বন্ধে আইনি পদক্ষেপ ও অভয়াশ্রম গড়ে তোলার ক্ষেত্রে তেমন উদ্যোগ নেই। কিছু কিছু এলাকা চিহ্নিত করে ইলিশের মতো কাঁকড়া নিয়েও গবেষণা ও অভয়াশ্রম গড়ে তোলা যেতে পারে। আন্তর্জাতিক বাজারে চিংড়ির চেয়ে কাঁকড়ার দাম ও চাহিদা ব্যাপক হওয়ায় কাঁকড়া ধরার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।|