প্রজন্ম লীগের নেতা অস্ত্রসহ গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) সদস্যরা গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছেন। তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও দুটি গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব।
তবে আওয়ামী লীগের গঠনতন্ত্রে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নামে কোনো সংগঠনের কথা লেখা নেই।
কামরুল হাসান মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাচনখোলা গ্রামের শাজাহান মিয়ার ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে রাজধানীর দোলাইরপাড় এলাকায় বসবাস করেন।
র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কামরুল হাসান সাভার পৌরসভার রেডিও কলোনি এলাকার আবদুর রহিমসহ আরও কয়েকজনের মাধ্যমে অস্ত্র বিক্রি করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর র্যাব সদস্যরা রহিমের সঙ্গে সম্পর্ক গড়ে অস্ত্র কেনার ফাঁদ পাতেন। এরপর অস্ত্রের দর মিটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর আশুলিয়ার নবীনগর এলাকা থেকে অস্ত্র সরবরাহ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী রাত পৌনে নয়টার দিকে কামরুল ও রহিম একটি পিস্তল ও দুটি গুলিসহ একটি ম্যাগাজিন নিয়ে নবীনগর ক্যান্টনমেন্ট মার্কেট-সংলগ্ন গ্রিনওয়ে হোটেলের সামনে অবস্থান নেন। র্যাব সদস্যরা সেখান থেকেই তাঁদের গ্রেপ্তার করেন। পরে তাঁদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়।