প্রতারক সন্দেহে সাতজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভুঁইগড় এলাকা থেকে গত বুধবার প্রতারক চক্রের সদস্য সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাছেদ আলম ওরফে দারোগা বাসার, তাঁর ছয় সহযোগী সোহেল রানা, আসাদ উল্লাহ, আবু বক্কর সিদ্দিক, আরিফ, সোনিয়া ও রানী বেগম।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ১৮ সেপ্টেম্বর বাছেদ আলম ডিবির এসআই পরিচয় দিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুঁইগড় এলাকা থেকে মাছ ব্যবসায়ী কবির হোসেনকে তুলে নিয়ে যান। পরে তাঁর মুক্তির জন্য ৫০ হাজার টাকা দাবি করলে কবিরের পরিবার ২০ হাজার টাকা দিয়ে তাঁকে মুক্ত করে। পরে ঘটনাটি কবিরের স্ত্রী ডিবি পুলিশ কার্যালয়ে গিয়ে জানান। এ ঘটনায় গত বুধবার দুপুরে ডিবির একটি দল ভুঁইগড় এলাকায় অভিযান চালিয়ে বাছেদ আলমকে খেলনা পিস্তল, হাতকড়াসহ আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রতারক চক্রটি নানাভাবে ব্যবসায়ীদের হয়রানি করে আসছিল।