প্রতারকদের কবল থেকে দুই শিশু ও দুই নারী উদ্ধার
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌর সদরের ১ নম্বর ওয়ার্ডের মিনারা গ্রামের আবু তালেবের বাড়ি থেকে পুলিশ দুটি শিশু ও দুই নারীকে উদ্ধার করেছে। গত শনিবার সন্ধ্যায় এ উদ্ধারের ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে নগরকান্দা থানায় একটি মামলা হয়েছে।
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত কুমার দত্ত বলেন, ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীর ব্যবসায়ী মো. আশরাফুল ইসলামের বাড়ি থেকে কিছু সোনার অলংকার চুরি হয়। খোয়া যাওয়া স্বর্ণালংকার উদ্ধারের জন্য সোনিয়া বেগম তাঁর শিশুপুত্র ও মেয়েসহ গৃহকর্মী লাবণী আক্তারকে (১৮) সঙ্গে নিয়ে নগরকান্দায় আসেন। এ সময় তাঁরা নগরকান্দার একটি প্রতারক চক্রের খপ্পরে পড়েন। ওই চক্রের সদস্যরা সোনা উদ্ধার করে দেওয়ার কথা বলে তাঁদের আবু তালেবের বাড়িতে নিয়ে ঘরে আটকে রাখে। খবর পেয়ে নগরকান্দা থানা-পুলিশ ওই দুই শিশু ও দুই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উদ্ধার হওয়া গৃহবধূ সোনিয়া বেগম বলেন, সাবলেট ভাড়া থাকার সুবাদে জনৈক যুবক তাঁর (সোনিয়া) কক্ষ থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দেন। ওই যুবক তাঁর বাড়ি নগরকান্দা উপজেলায় বলে জানিয়েছিলেন।