প্রতারকদের বিষয়ে সতর্ক করল দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নামে অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল ফোনে অথবা টেলিফোনে কাল্পনিক অভিযোগ অথবা কমিশনের বিবেচনাধীন অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস ও ভয়ভীতি দেখিয়ে সরকারি চাকরিজীবী-ব্যবসায়ী-বেসরকারি ব্যক্তিদের কাছে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করে। এসব প্রতারণার ফাঁদে পড়ে কেউ কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা হয়েছেন বলে কমিশনের নজরে এসেছে।

কমিশন অনৈতিক কর্মকাণ্ড ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সবার অবগতির জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদকে কোনো অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহীত হলে অনুসন্ধানকারী কর্মকর্তা লিখিতভাবে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করে থাকেন। এ বিষয়ে মোবাইলে বা ব্যক্তিগতভাবে যোগাযোগের বিষয়টি নিষিদ্ধ করে সব যোগাযোগ লিখিতভাবে করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কেউ দুদকের কর্মকর্তা পরিচয়ে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করলে দুদকের প্রধান কার্যালয়ের পরিচালকের (পর্যবেক্ষণ ও মূল্যায়ন, টেলিফোন নম্বর-৯৩৫২৫৫২) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে দুদক। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।