প্রতারকের খপ্পরে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে ১৮ হাজার টাকা নিয়ে গেছে একদল প্রতারক। একদল প্রতারক পুলিশকে বোকা বানিয়ে এই ঘটনা ঘটিয়েছে। গত রোববার উপজেলা সদরে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বেলা দেড়টার দিকে ছয়-সাতজন ব্যক্তি মাইক্রোবাসে করে এসে জুড়ী থানায় ঢোকেন। তাঁদের মধ্যে লিনা আক্তার নামের এক নারী নিজেকে খাদ্য অধিদপ্তর, ঢাকার প্রধান কার্যালয়ের সহকারী পরিদর্শক পরিচয় দেন। তিনি (লিনা) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যাপারে সহায়তা করার বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপারকে (এসপি) দেওয়া মৌলভীবাজারের অতিরিক্ত জেলা হাকিম মোহাম্মদ ফারুক আহম্মদের গত ৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত একটি চিঠির অনুলিপি থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমদকে দেখান।

ওই চিঠির পরিপ্রেক্ষিতে থানা থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন মিয়া এবং রাজু নামের এক কনস্টেবলকে লিনা ও তাঁর লোকজনের সঙ্গে দেওয়া হয়। পরে তাঁরা উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে ‘ঢাকা বেকারি’ ও রেলস্টেশন সড়কে ‘সিলেট বেকারি’ নামের দুটি দোকানে অভিযান চালান।

ঢাকা বেকারির কর্মচারী রুস্তম আলী জানান, প্রতিষ্ঠানের পরিবেশ ‘খুবই নোংরা’ মন্তব্য করে লিনা তাঁদের এক লাখ টাকা জরিমানা করেন। প্রতিষ্ঠানের মালিক বাইরে আছেন জানালে এএসআই সুমন তাঁকে (রুস্তম) ডেকে ১০ হাজার টাকা দিয়ে ‘ভেজাল শেষ’ করতে বলেন। পরে ছয় হাজার টাকা দিলে দলের সদস্যরা চলে যান। একইভাবে সিলেট বেকারির মালিক আলাউদ্দিনের কাছ থেকে ১২ হাজার টাকা হাতিয়ে নেন ওই প্রতারকেরা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে বিষয়টি নিশ্চিত হতে বিকেলে গণমাধ্যমকর্মীরা জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) শামছুল আলমের সঙ্গে যোগাযোগ করেন। শামছুল গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ওই লোকেরা ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করে চলে গেছে। ঘটনার সময় অন্য কাজে থানার বাইরে ছিলাম। পরে এসে বিস্তারিত জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ লিনা আক্তারের দেওয়া মুঠোফোনের নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ ফোন ধরেননি। দুটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকা আদায়ের সত্যতা স্বীকার করেছেন এএসআই সুমন মিয়া।

ইউএনওর অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম ইবনুল হাসান গতকাল সোমবার বলেন, ‘অভিযান পরিচালনার একপর্যায়ে থানার পরিদর্শক মোবাইল ফোনে আমাকে বিষয়টি জানালে জেলা প্রশাসকের কার্যালয়ে দ্রুত যোগাযোগ করি। সেখান থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যাপারে জুড়ীতে কোনো ম্যাজিস্ট্রেট পাঠানো হয়নি বলে জানানো হয়। এরপরই কথিত ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের আটক করতে বলি পরিদর্শককে। কিন্তু কেন তা করা হলো না বুঝতে পারছি না।’