প্রতারণা করে জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সোহেল রানা (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে জমি দখলের একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলাও হয়েছে। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ করেন।
কালীগঞ্জ বাজারে স্থানীয় সংবাদকর্মীদের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামের মারফত আলীর ছেলে সোহেল রানা একটি আবাসন কোম্পানির কালীগঞ্জ প্রকল্পের সুপারভাইজার। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জোর করে জমি দখল করে নিয়েছেন।
নাগরী ইউনিয়নের বেলুন গ্রামের সদা মাস্টার, তাঁর ভাই আশানন্দ ও প্রেমানন্দের পরিবারের সাত বিঘা জমি দখল করেছেন সোহেল। এ নিয়ে ভুক্তভোগী পরিবার গাজীপুর আদালতে মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে পানজোড়া গ্রামের মৃত হরিষ মাস্টারের ছেলে তপন মজুমদার জানান, তাঁদের বসতভিটা ভেঙে ঘরের জিনিসপত্র লুট করে চার বিঘা জমি দখল করে বাড়িছাড়া করেছেন সোহেল ও তাঁর সহযোগীরা।
অভিযোগ অস্বীকার করে সোহেল রানা বলেন, তিনি একটি আবাসন কোম্পানিতে কাজ করেন। সঠিক মালিকানা দেখে যথাযথ মূল্যে তাঁদের কাছ থেকে জমি কিনে তিনি কোম্পানির কাছে হস্তান্তর করেছেন। আর এর পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে।