প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে মামলা
নামকরা একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক সেজে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে এনামুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।
দুদক সূত্র জানায়, রেডিক্স ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চট্টগ্রামের নামকরা একটি আবাসন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির মালিক সেজে আসামি এনামুল হক ২০১২ সালে মিয়া সেলিম শেখ নামের একজন ক্রেতার কাছ থেকে ১২ লাখ টাকা নেন। পরে দুই লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিজে আত্মসাৎ করেন এনামুল।
দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনাটির অনুসন্ধানে এনামুল হকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন বিস্তারিত তদন্ত করে দেখা হবে।
আসামি এনামুল হকের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার মইশাইর গ্রামে।